যশোর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলা থেকে সোমবার একটি শক্তিশালী বোমাসহ তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে এ বোমা উদ্ধার করা হলো। নির্বাচনের আগে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ বোমা আনা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চটকাপোতা গ্রাম থেকে সকালে বোমা তিনটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, "উদ্ধার করা বোমাগুলোর একটি শক্তিশালী টাইম বোমা, বাকি দুটি হাতবোমা।"
চটকাপোতা গ্রামের ইসলাম গণির ছেলে তোতার গোয়াল ঘরের পেছনে বোমা তিনটি পাওয়া যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
ইকবাল হোসেন বলেন, "বোমাগুলো পরীক্ষা এবং তা নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।"
এদিকে শার্শার গোগাকালিনিয়া গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে ১০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব।
পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, "নাশকতা সৃষ্টির জন্য বোমা ও বিস্ফোরক আনা হয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। গোয়েন্দারা কর্মকর্তারাও তদন্ত শুরু করেছে।"
আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫২ ঘ.
bdnews24