২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফের দুই কর্মীকে অপহরণের অভিযোগ

'না' প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালানোর সময় রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই নেতাকর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

রাঙামাটি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'না' প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালানোর সময় রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই নেতাকর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পার্বত্য শান্তিচুক্তি বিরোধী হিসেবে পরিচিত ইউপিডিএফ'র খাগড়াছড়ি জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোনালী চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটিতে তাদের নেতাকর্মীরা 'না' প্রতীকে ভোট দেওয়ার জন্য মাইকিং করার সময় চার নেতাকর্মীকে অপহরণ করা হয়। এরা হলেন- জগদীশ চাকমা, শান্তি মনি চাকমা, কিনাধন চাকমা ও অর্জুন মনি চাকমা। তবে অর্জূন মনি চাকমা ও জগদীশ চাকমা পালিয়ে আসতে সক্ষম হন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পালিয়ে আসা দুজন কিভাবে বা কোথা থেকে পালিয়ে এসেছে এবং অপহরণকারীদের সুনির্দিষ্ট পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। এমনকি যাদের অপহরণ করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার জন্য কোনো মুক্তিপণ দাবি করা হয়েছে কিনা সেটাও বলা হয়নি। এ ব্যাপারে রাঙামাটি সদর থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের ব্যাপারে তিনি অবগত নন। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করতে আসেনি। ইউপিডিএফ'র সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শনিবার সকাল ১১ টার দিকে শহরের বনরুপা এলাকায় না ভোটের পক্ষে অটোরিকশা করে মাইকিং করার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এ ঘটনা ঘটায়। ইউপিডিএফ এর নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটির জেলা আহ্বায়ক শান্তিদেব চাকমা এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে। দলটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি জড়িত নয়। রাঙামাটি পার্বত্য জেলায় ইউপিডিএফ'র প্রার্থী না থাকায় সংগঠনটি 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। শুক্রবার রাত থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে না ভোট দেওয়ার জন্য পোস্টারিং এবং সকাল থেকেই মাইকিং শুরু করে ইউপিডিএফএর সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৩ ঘ.