হবিগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার ভোরে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
নিহতদের মধ্যে আছেন- বাস চালক কামাল মিয়া (৪৩) ও ট্রাক চালক দীন ইসলাম (৪৫)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, উপজেলার আন্দিউড়া এলাকায় ভোরে রংপুর থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অতিক্রম করার সময় পিছন থেকে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
তিনি জানান, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলেই মারা গেছেন পাঁচজন। পরে দমকলকর্মী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.
bdnews24