যশোর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইরাকের টিভি সাংবাদিক মুনতাজের আল জাইদির মুক্তির দাবিতে যশোরের সাংবাদিকরা বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সাংবাদিক ইউনিউয়ন, যশোর এবং যশোর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। মিছিলে শতাধিক সাংবাদিক অংশ নেন।
দুপুরে প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানায় এসে শেষ হয়। এখানে এক সমাবেশে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান মামুন, সদস্য ফখরে আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু এবং সদস্য বেনজিন খান বক্তৃতা করেন।
সাংবাদিক নেতারা অবিলম্বে মুনতাজেরের নি:শর্ত মুক্তি দাবি করেন। তাকে গ্রেপ্তারের নিন্দাও জানান তারা।
গত রোববার ইরাক সফরে গিয়ে বাগদাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বুশ। এ সময় তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন এবং কুকুর বলে গালি দেন ইরাকের আল-বাগদাদিয়া টেলিভিশনের সাংবাদিক মুনতাজের। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।
মুনতাজেরের প্রথম জুতাটি মাথা নুইয়ে এড়াতে সক্ষম হন বুশ। পর মুহূর্তে ছুড়ে মারা দ্বিতীয় জুতাটি বুশের মাথার ওপর দিয়ে পেছনের দেয়ালে আঘাত করে। একই সঙ্গে তিনি বলে ওঠেন, "কুকুর, ইরাকি জনগণের পক্ষ থেকে এটা বিদায়ী চুম্বন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24