২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহনির্মাণে কম সুদে ঋণ দিতে তাগিদ অর্থ উপদেষ্টার

আবাসন সমস্যার সমাধানে কম সুদে গ্রাহকদের ঋণ দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে (বিএইচবিএফসি) তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন সমস্যার সমাধানে কম সুদে গ্রাহকদের ঋণ দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে (বিএইচবিএফসি) তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে বিএইচবিএফসি'র বার্ষিক সম্মেলনে তিনি বলেন, "আবাসন সঙ্কট নিরসনে বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি বিএইচবিএফসি ভূমিকা রাখছে। কিন্তু এ খাতের ঋণের সুদের হার বেশি। যতদূর সম্ভব কম খরচে মানুষ যাতে গৃহ নির্মাণ করতে পারে, সে জন্য ব্যাংকগুলোর পাশপাশি বিএইচবিএফসিকে তাদের ঋণের সুদের হার কমিয়ে আনতে হবে।" মানুষ যাতে সাধ ও সাধ্যের বিষয়টি বিবচেনায় এনে সুদের হার নির্ধারণ করতে বিএইচবিএফসি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। একইসঙ্গে প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, "শুধু অফিসে বসে থেকে গ্রাহক যখন ঋণের জন্য আসবে, তখন ঋণ নিয়ে আলোচনা হবে, এভাবে কোনও ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান চলতে পারে না। আধুনিক ও নতুন নতুন প্রকল্প তৈরি করে মাঠে গিয়ে ভালো গ্রাহক খুঁজে খুঁজে ঋণ দিতে হবে। এতে ঋণ খেলাপের আশঙ্কাও কম থাকে।" মির্জ্জা আজিজুল বলেন, "চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সরকার গৃহায়ন খাতের সঙ্কট দূর করতে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের আশপাশের জেলাগুলোতে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের ক্ষেত্রে ১০ বছরের ট্যাক্স হলিডে (কর অবকাশ সুবিধা) ঘোষণা করেছে।" এ সুবিধার সুযোগ নিয়ে মানুষ যাতে বহুতল ভবন নির্মাণ করতে আগ্রহী হয়, সে জন্য গ্রাহকদের খুঁজে বের করে ঋণ দিতে বিএইচবিএফসি কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান তিনি। উপদেষ্টা জানান, কিছুদিন আগে একনেকের বৈঠকে গৃহায়ন খাতের একটি বড় প্রকল্প অনুমোদন করেছে সরকার। ঢাকার মহাখালী ও মিরপুরে ৪ হাজারের বেশি ফ্ল্যাট নির্মাণের ওই প্রকল্পটি সরকার ও বেসরকারি খাতের অংশীদারিত্বের ভিত্তিতে নির্মাণ করা হবে। মির্জ্জা আজিজুল বলেন, "জনসংখ্যা ও মাথাপিছু আয় বৃদ্ধির কারণে আমাদের আবাসনের চাহিদা বাড়ছে। আর এর ফলে প্রতি বছর আবাদি জমির পরিমাণ ১ শতাংশ হারে কমছে।" এ কারণে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে রাজধানী ও বিভাগীয় শহরের আশপাশের জেলাগুলোতে বহুতল ভবন নির্মাণের জন্য কম সুদে ঋণ দেওয়ার জন্য বিএইচবিএফসি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএইচবিএফসি'র চেয়ারম্যান এম জানিবুল ইসলাম কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল করতে এর অনুমোদিত মূলধন ১১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৭ কোটি ২৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ কোটি টাকায় উন্নীত করতে অর্থ উপদেষ্টার সহায়তা চান। এ বিষয়ে আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "বিএইচবিএফসি'র মূলধন বাড়ানোর ব্যাপারে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সচিব মোহাম্মদ তারেক, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান প্রমুখ। গৃহায়ন খাতে ঢাকা ও চট্টগ্রামে বিএইচবিএফসি'র ঋণের সুদের হার এখন ১২ শতাংশ। আর অন্যান্য জেলায় ১০ শতাংশ। বিএইচবিএফসি দেশের গৃহায়ন খাতে ঋণপ্রদানকারী সরকারি একমাত্র বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/এমআই/১৫৫০ ঘ.