চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নাশকতামূলক কার্যক্রম এড়াতে বুধবার বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক স্টিকার লাগানো ও ভাড়াটিয়ার তথ্য জানতে ফরম বিতরণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
দুপুরে নগরীতে বিশেষ স্টিকার ও ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, "নাশকতামূলক কার্যক্রম এড়াতেই বাসায় বাসায় এ স্টিকার লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। বাসা ভাড়া দেওয়ার সময় মালিকদের কাছে ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্য জমা থাকলে অপরাধীদের শনাক্ত করা ও ধরা সহজ হয়।"
নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে কোনো ধরনের জঙ্গি নাশকতার সম্ভাবনা নেই বলে জানিয়ে উপ-কমিশনার বলেন, "যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আছে।"
কর্মসূচি অনুযায়ী প্রাথমিকভাবে 'আপনার ভাড়াটিয়ার পরিচয় জানেন কি ?' লেখা ১৫ হাজার স্টিকার ও ভাড়াটিয়ার বিস্তারিত তথ্য জানতে চেয়ে বাড়ির মালিকদের কাছে তথ্যফরম সরবরাহ করা হচ্ছে। এছাড়া স্টিকারটিতে ভাড়াটিয়াকে জানা এবং তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহে রাখার অনুরোধ করা হয়েছে।
সিএমপি কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) বাবুল আক্তার সাংবাদিকদের জানান, প্রতিটি বাড়ির দরজায় স্টিকার সাঁটা হবে এবং মালিককে ফরম সরবরাহ করা হবে। বাসার মালিকের দায়িত্ব হবে ফরমে ভাড়াটিয়াদের তথ্য ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করে পুলিশের কাছে জমা দেওয়া। মূলত কমিউনিটি পুলিশ সদস্যদের এই কাজে ব্যবহার করা হবে।
কর্মসূচি উদ্বোধনের পর পুলিশ কর্মকর্তারা নগরীর পাথরঘাটা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মালিকদের সঙ্গে কথা বলেন এবং দরজায় স্টিকার সেঁটে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/২২৪২ঘ.
bdnews24