ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নিম্ন আদালত পাড়ায় বুধবার একজন শিক্ষানবীস আইনজীবীর হাতে এক সাংবাদিক প্রহৃত হয়েছেন।
এ ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক খবরপত্র পত্রিকার সিনিয়র সহ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী একটি অর্থ আত্মসাত মামলায় স্ত্রী-পুত্রসহ ঢাকার মুখ্য মহানগর ভবনের গেটে এলে শিক্ষানবীশ আইনজীবী মো. সাজেদুর রহমান সহযোগীদের নিয়ে তাকে হামলা করেন।
মুজিবুরের অভিযোগ, সাজেদুর রহমান ও তার সহযোগীরা তাকে গালিগালাজ ও কিল ঘুষি মেরে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেন। পরে বেশ কয়েকজন আইনজীবী ও মোহরারের বাধার মুখে তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন।
সাংবাদিক মুজিবুর রহমান চৌধুরী কাছের ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই ঘটনায় কোতোয়ালি থানায় সাজেদুর ও তার সঙ্গী হাসিবুরের বিরুদ্ধে মামলা করেন।
মুজিবুর রহমান চৌধুরী ঢাকা আইনজীবী সমিতিতেও সাজেদুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে বলা হয়, সাজেদুর রহমান সনদ পাওয়া আইনজীবী না হয়েও আইনজীবী পরিচয় দেন।
এ ব্যাপারে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার কাউন্সিল থেকে সনদ পাওয়ার আগেই কেউ যদি আইনজীবী হিসেবে পরিচয় দেন তবে তার বিরুদ্ধে বার আইনী ব্যবস্থা নেবে।"
মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা এক অর্থ আত্মসাত মামলার বাদির ছেলে শিক্ষানবীশ আইনজীবী সাজেদুর। সম্পর্কে তিনি মজিবুরের ভাইপো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৪৪ঘ.
bdnews24