২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নততর নিরাপত্তার অনুরোধ জানিয়েছেন কূটনীতিকরা

জরুরি অবস্থা প্রত্যাহারের প্রথম দিনেই 'উন্নততর নিরাপত্তা' দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারের প্রথম দিনেই 'উন্নততর নিরাপত্তা' দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মো তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে জানান, রাজধানীতে চলাফেরা করতে তাদের সমস্যা হচ্ছে। তারা অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেন। সচিব তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কূটনীতিকরা আমাকে জানিয়েছেন নির্বাচনী প্রচারণা চলার কারণে তাদের শহরে চলাচল করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে গুলশান এলাকায় বেশি সমস্যা পোহাচ্ছেন তারা। তাই নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পর তাদের জন্য আরো ভালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"তারা (কূটনীতিকরা) আমাকে পরিস্কার জানিয়েছেন, তাদের প্রতি কোনো পক্ষ থেকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। সতর্কতার অংশ হিসেবেই তারা নিরাপত্তার অনুরোধ করেছেন।" অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কূটনীতিকদের আশ্বাস দেন সচিব। কূটনীতিকদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকাস্থ কূটনীতিক কোরের ডিন ও সুইস রাষ্ট্রদূত ডোরা র‌্যাপল্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০২০ঘ.