ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর ও সম্প্র্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের প্লট বরাদ্দের আবেদনের সময়সীমা আগামী ১৫ জানুয়ারি ২০০৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এএসএম রাশিদুল হাই বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
রাশিদুল হাই বলেন, "এতো লোক আবেদন করবে, তা আমরা বুঝতে পারিনি। তারপরও প্রবাসী এবং যারা বিভিন্ন কারণে ঢাকার বাইরে রয়েছেন, এমন অনেকে এখনো আবেদন করতে পারেনি। তাই বিভিন্ন দূতাবাস থেকে মন্ত্রণালয়ের কাছে সময় বাড়ানোর অনুরোধ আসছে। এ অবস্থার প্রেক্ষাপটে সরকার আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি জানান, উত্তরা ও পূর্বাচল দ্বিতীয় প্রকল্পের আবেদনের সময়সীমা আগামী ১৫ জানুয়ারি শেষ হওয়ার পর ৩০ থেকে ৬০ দিনের মধ্যেই লটারির মাধ্যমে প্লট বরাদ্দ নিশ্চিত করা হবে। আগামী দুই বছরের মধ্যেই লটারির মাধ্যমে প্লট বিজয়ীদের কাছে হস্তান্তর করা হবে। যারা প্লট পাবেন না তাদের নিরাপত্তা জামানতের টাকা ৩০ দিনের মধ্যে ফেরত দেয়া হবে। যার নির্ধারিত সময়ের মধ্যে টাকা তুলবেন না, তাদের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।
সচিব জানান, রাজউকের বিভিন্ন প্রকল্পের জমির থেকে এ প্রকল্প দুটিতে জমির দাম কিছুটা বাড়বে। তবে কত টাকা বাড়ানো হবে, সে ব্যাপারে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আগামী এক সপ্তাহের মধ্যে মূল্য নির্ধারণ করে প্লট বরাদ্দের নীতিমলাসহ বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিত করা হবে।
দুটি প্রকল্পের প্লট বরাদ্দের আবেদনে জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে সচিব বলেন, "আমরা আসলে বুঝতে পারিনি এত জটিলতা দেখা দেবে। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ জটিলতা নিরসনে ইতোমধ্যেই সরকার টাকা ও আবেদন জমা দেয়ার ব্যাংক ও শাখার পরিমাণ বৃদ্ধি এবং জুডিসিয়াল স্ট্যাম্পের পরিবর্তে নন-জুডিসিয়াল স্ট্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।"
এক প্রশ্নের জবাবে রাশিদুল হাই জানান, পূর্বাচল প্রকল্পের এসব প্লট বরাদ্দের বাইরেও প্রায় এক লাখ ২০ হাজার ফ্লাট নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এজন্য ভূমিও বরাদ্দ রাখা হয়েছে। এসব জমিতে ভবন নির্মাণ করে তা সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে বিক্রি করা হবে। এছাড়াও পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরকে কুটনৈতিক অঞ্চল হিসেবে রাখা হয়েছে। সেখানে বিভিন্ন দূতাবাসের জন্য স্থান বরাদ্দ করা হবে। পর্যায়ক্রমে সেখানে ক্ষুদ্রকায় সচিবালয়ও স্থাপন করা হবে।
এছাড়াও ঢাকার ভেতরে ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিনিয়োগে চার হাজার ফ্ল্যাট নির্মাণের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। যা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে।
পূর্বাচল প্রকল্পের প্রবেশদ্বার কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধনের কথা তুলে ধরে করে সচিব বলেন, বুধবার ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই এর কাজ শেষ করা হবে। এতে পূর্বাচল প্রকল্পে প্রবেশে আর কোন সমস্যা থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৬৫৩ ঘ.
bdnews24