২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারাকে ফিরতে পেরে আমরা খুশি: মইন

সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির আদেশে বেসামরিক সরকারকে সহযোগিতা করতেই সেনাবাহিনী ২০০৬ সালের ৬ ডিসেম্বর মাঠে নেমেছিল। আবার ব্যারাকে ফিরতে পেরে সেনাবাহিনী খুশি। সেনাবাহিনীকে সেনানিবাসের দৈনন্দিন কর্মসূচি ফিরে যাওয়ার অনুমতি দিতে সরকারকে অনুরোধ করেছেন বলেও দাবি করেছেন মইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির আদেশে বেসামরিক সরকারকে সহযোগিতা করতেই সেনাবাহিনী ২০০৬ সালের ৬ ডিসেম্বর মাঠে নেমেছিল। আবার ব্যারাকে ফিরতে পেরে সেনাবাহিনী খুশি। সেনাবাহিনীকে সেনানিবাসের দৈনন্দিন কর্মসূচি ফিরে যাওয়ার অনুমতি দিতে সরকারকে অনুরোধ করেছেন বলেও দাবি করেছেন মইন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যম কার্যালয়গুলোতে পাঠানো একটি ভিডিও চিত্রে তিনি এ কথা বলেন। 'জনকল্যাণে সশস্ত্র বাহিনী' শীর্ষক এ ডিডিও চিত্রে সেনাপ্রধান গত দুই বছরে সেনাবাহিনীর তৎপরতা ও সাফল্যের বিশদ বর্ণনা দেন। মইন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ২০০৬ সালের ৬ ডিসেম্বর প্রথম বেসামরিক প্রশাসনের সাহায্যে যায়। শীতকালীন প্রশিক্ষণের সময় তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন প্রধান রাষ্ট্রপতির আদেশেই তারা এগিয়ে আসেন। সেনাপ্রধান বলেন, এরপর 'রাজনৈতিক গোলযোগ' শুরু হয় এবং তার ধারাবাহিকতায় জরুরি অবস্থা জারির পর সেনাবাহিনীকে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের মতো কিছু নতুন দায়িত্ব দেওয়া হয়। সেনাপ্রধান বলেন, সরকার প্রত্যাহারের আদেশ না দেওয়া পর্যন্ত তারা সেই দায়িত্বগুলো পালন করতে থাকেন। প্রত্যাহারের আদেশ দেওয়া হলে কাজ বেসামরিক প্রশাসনকে হস্তান্তর করে তারা ব্যারাকে ফেরত যান। ২০০৬ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল মইন বলেন, বিশেষ করে ক ূটনীতিকসহ অনেকেই তার কাছে গিয়ে সামরিক আইন করে জারি হচ্ছে একথা জিজ্ঞেস করেছেন। "তখন আমি বলেছি, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের কোনো প্রতিবেশীকে ফলো করবে না এবং আমরা কোনো অতীত শাসককেও ফলো করবো না। আমরা মার্শাল ল দেবো না। সমস্যাটা রাজনৈতিভাবে সমাধান করতে হবে এবং তা-ই করা উচিত" বলেন সেনাপ্রধান। মইন বলেন, "সরকার আমাদেরকে যখন বলেছে যে তোমরা ক্যান্টনমেন্টে ফিরে যাও, আমরা খুশি মনে তাড়াতাড়ি ক্লোজ করে চলে গেছি। এবং এইযে উইথড্রয়াল, তার ব্যাপারে আমিও সরকারকে রিকোয়েস্ট করেছি যে অনেকদিন ধরে আমরা এখানে আছি, আমাদের ট্রেনিংয়ের ক্ষতি হচ্ছে।...এখন আমরা ক্যান্টনমেন্টে ফিরে এসে খুশি। এবং আমাদের যে দৈনন্দিন কাজ সেটাই করে যাচ্ছি।" সেনাপ্রধান মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল তারা তা সুন্দরভাবেই পালন করতে পেরেছে। তিনি বলেন, "আমাদের অনেক অর্জন আছে। যেমন, সন্ত্রাস দমন করতে আমরা সক্ষম হয়েছি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে এসেছে এবং এর সাথে সাথেও আমরা যখন দেখেছি যে, আমরা যখন গ্রাউন্ডে আছি আরো কিছু কাজ করতে পারি। শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, কৃষকদেরকে সাহায্য করা, সার পৌঁছে দেওয়া, পানির ব্যবস্থা করা, তেলের ব্যবস্থা করে দেওয়া। এর মাধ্যমে প্রোডাকশনও অনেক বেশি হয়েছে।" বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে 'ঠিকভাবে' মূল্যায়ন করবে এবং তাদের কাজের প্রশংসা করবে বলেও আশা প্রকাশ করেন সেনা প্রধান। সেনা প্রধান গত দুই বছরের কয়েকটি দুর্যোগে সেনাবাহিনীর ত্রাণ ও উদ্ধার তৎপরতার বর্ণনা দেন এবং এত ক্ষয়ক্ষতির পর আবারও মাঠে ফিরে গিয়ে ফসল ফলানোয় কৃষকদের প্রশংসা করেন। ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা ও আক্রান্তদের অবস্থার বিবরণ দেওয়ার পর জেনারেল মইন বলেন, "আমি মনে করি, পুরো বাংলাদেশ একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এদেরকে সাহায্য করেছি, তাদের বাঁচিয়ে রেখেছি।" ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির বিষয়টিকে একটি ঐতিহাসিক অর্জন অভিহিত করে সেনা প্রধান বলেন, "যে ভেন্ডর আইডি কার্ড এবং ভোটার লিস্ট তৈরি করার কাজ চেয়েছিল, তারা সময় চেয়েছিলো চার বছর কমপক্ষে এবং অর্থ চেয়েছিল ১৫০০ কোটি টাকা, আইডি কার্ড ছাড়া। সেই জায়গায় আমরা ১১ মাসে এই কাজ করে দিয়েছি এবং অর্থ ব্যয় হয়েছে ৪৪৬ কোটি টাকা।" চট্টগ্রাম বন্দর পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর সাফল্যের বিবরণ দেওয়ার পাশাপাশি তিনি বলেন, "আমি নিশ্চিত, আগামী যে সরকার আসবেন, এটার (বন্দর ব্যবস্থাপনা ও অটোমেশন পদ্ধতি) ওপর জোর দেবেন।" মইন উ আহমেদ বলেন, "বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে যে অফিসার বা সেনা সদস্য আছেন তারা প্রত্যেকেই কিন্তু দেশকে ভালোবাসেন। তারা প্রত্যেকেই কিন্তু চায় বাংলাদেশ ভালো করুক।" ভবিষ্যতে সরকার যখনই জনকল্যাণে ডাকবে, সেনাবাহিনী স্বতস্ফুর্তভাবে সে কাজ করবে বলেও আশ্বাস দেন সেনা প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/এসকে/২২৩৪ঘ.