ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বাঁশে বিভিন্ন মাপের জাতীয় পতাকা বেঁধে প্রতি বছর দুটি সময়ে পথে নামেন সবুজ মিয়া। নিজে মুক্তিযুদ্ধ না দেখলেও মুক্তিযোদ্ধা বাবার কাছে সেই সংগ্রাম আর কান্না হাসির গল্প শুনেছেন বহুবার। মৌসুমে মৌসুমে সবুজ মিয়ার ব্যবসা বদলে যায়; কিন্তু মার্চ আর ডিসেম্বরে তার কাঁধের ওপর বাঁশে বাঁধা পতাকা ওড়ে প্রাণের টানে।
বাবার মুখে শোনা লাল-সবুজের সেই গৌরব-গাঁথা সবুজ মিয়া সবার মাঝে ছড়িয়ে দিতে চান পতাকায় পতাকায়।
মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের ৩৭তম বার্ষিকী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ, বঙ্গভবনে সংবর্ধনাসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা ছাড়াও অসংখ্য সংগঠনের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। গাড়িতে বা রিকশার হাতলের সামনে হাসছে ছোট্ট লাল-সবুজ। সবুজ মিয়ার মতো ফেরিওয়ালার কাছ থেকে শিশু-কিশোররা কিনছে রুমাল মাপের পতাকা- বিজয় দিবসে কপালে বাঁধবে বলে।
ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও পরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
পাকিস্তানি সামরিক বাহিনীর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। সমগ্র বাঙালি জাতি দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় আসে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও যুদ্ধে আগাগোড়া সক্রিয় সহায়তাকারী ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে বিধ্বস্ত পাকিস্তানি সেনাবাহিনী।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, "মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যকে সামনে রেখে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইতোমধ্যে বেশ কিছু সফলতা অর্জন করেছি। এখন সময় এসেছে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করার। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি, বিজয় দিবসের দীপ্ত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখবে।"
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "বছর ঘুরে আবার ফিরে এসেছে আমাদের গর্বের এবং আত্মশ্লাঘার দিন বিজয় দিবস। ৩৭ বছর পূর্বে ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করেছিলাম চূড়ান্ত বিজয়। এ উপলক্ষে আমি অগণিত মুক্তিযোদ্ধা, প্রিয় দেশবাসী এবং বিদেশে বসবাসরত বাংলাদেশের সব নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিজয়ের অভিনন্দন।"
আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, কল্যাণ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি, বাসদ, গণমুক্তি আন্দোলন, জাকের পার্টি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিজয় দিবস উপলক্ষে আলাদা কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার সরকারি ছুটির দিন। সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাতে সরকারি ও আধা সরকারি ভবন হবে আলোকসজ্জিত। এছাড়া মসজিদ, মন্দির, গীর্জাসহ সব উপাসনালয়ে শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশের উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে। বেতার ও টেলিভিশনে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জেকে/এসকে/২২৩৬ঘ.
bdnews24