ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য পুনঃদরপত্র আহবান করা হবে।
সোমবার চট্টগ্রাম উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, " পুনঃদরপত্রের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। দরপত্রের কিছু বিষয় সংশোধনের কাজ চলছে। আজ-কালের মধ্যেই সংশোধন সংক্রান্ত কাজ শেষ হবে।"
গণপূর্ত মন্ত্রণালয়ে চট্টগ্রাম ডিটেইল এরিয়া প্লান নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করণ, চট্টগ্রাম মহানগরীকে আন্তর্জাতিক মানের শহরে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের প্রথম দরপত্রটি ডাকা হয় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে। এতে ছয়টি বিদেশি ও ১০টি স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে যাচাই-বাছাই (টেকনিক্যাল) কমিটি সাতটি স্থানীয় ও তিনটি বিদেশি প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। প্রায় সাত মাস পর কোনো কারণ না দেখিয়েই দরপত্রটি বাতিল করা হয়।
দ্বিতীয়বার দরপত্র ডাকার পর মহাসড়কের দশটি অংশের নির্মাণ কাজের জন্য ৯৫টি দরপত্র জমা পড়ে। নয়টি ঠিকাদার প্রতিষ্ঠান মোট ১৭৫১ কোটি টাকার প্রস্তাব দিয়ে এ দরপত্রে বিজয়ী হয়, যা কি না এ প্রকল্পে সরকারী প্রকৌশলীদের অনুমিত ব্যয় থেকে ৪৪ কোটি টাকা কম। মহাসড়কটি নির্মাণে সড়ক ও জনপথ বিভাগ প্রাক্কলিত ব্যয় ধরেছিল ১৭৯৫ কোটি টাকা।
ওই নয় কোম্পানি সরকারের অনুরোধে সাড়া দিয়ে ২৮ দিনের পরিবর্তে ৭ দিনের মধ্যেই নিরাপত্তা জামানত জমা দিতে সম্মত হলেও প্রায় সবকটি অংশে সর্বোচ্চ দর দেওয়া একটি প্রতিষ্ঠানের আপত্তির জের ধরে বিষয়টি আটকে যায়।
শেষ পর্যন্ত তৃতীয় বারের মত দরপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা এই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করলেও তার সরকারের দু'বছরের মেয়াদ শেষ হয়ে এলেও অজানা কারণে ঝুলে আছে প্রকল্পটি।
শনিবার বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়া দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় অন্যান্য বিষয়ের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্র"তি দিয়েছেন।
প্রয়োজনের তুলনায় সরু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে বিআরটিএ-র হিসাবেই প্রতি বছর দুর্ঘটনায় ৫শ'র বেশি লোক প্রাণ হারায়।
বৈঠক শেষে যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "ড্রেনেজ ব্যবস্থাসহ কিছু বিষয়ে পদক্ষেপ নিলেই চট্টগ্রাম আন্তর্জাতিক মানের শহরে পরিণত হবে। ইতোমধ্যেই এবিষয়ে কিছু পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। এবিষয়গুলো অব্যাহত রাখলেই চট্টগ্রাম আধুনিক শহরের রূপ লাভ করবে।"
চট্টগ্রামকে আধুনিক শহরে পরিণত করার জন্য কোন ভবন ভাঙতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "চট্ট্রগ্রাম এখন পর্যন্ত ঢাকার মত নষ্ট হয়ে যায়নি। এখানে ভবন ভাঙার প্রয়োজন হবে না।"
এই বৈঠকে শিক্ষা উপদেষ্টা হোসেন জ্ল্লিুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ চট্টগ্রাম উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৫৩৫ ঘ.
bdnews24