২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়ায় ১০ ঘণ্টা, দৌলতদিয়ায় ৫ ঘণ্টা ফেরি বন্ধ, তীব্র যানজট

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মায় আটকা পড়ে চারটি ফেরি। একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মায় আটকা পড়ে চারটি ফেরি। একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১ টার দিকে পদ্মায় ঘন কুয়াশার কারণে ফেরি চালকরা দিক নির্ণয় করতে পারছিলেন না। এর ফলে চার ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার কারণে সমস্যা দেখা দেওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকা পড়া ফেরিগুলো হল- রো রো ফেরি শাহ আলী, শাহজালাল, রানীগঞ্জ ও রায়পুরা। সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ ১০ ঘন্টা পর রোববার সকাল ৯ টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। তিনি জানান, ফেরি বন্ধ থাকায় মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে দেখা দেয় তীব্র যানজট। মাওয়া ঘাটের যানজট দ্রুত কেটে গেলেও কাওড়াকান্দি ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেশি থাকায় যানজটে আটকা পড়ে কয়েকশ' যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কেটে যেতে শুরু করে বলেও সিরাজুল ইসলাম জানান। রাজবাড়ী প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রোববার সকালে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া ঘাটে দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোপাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশা কেটে গেলে ১০টি ফেরির সাহায্যে যানবাহন পারাপার শুরু হয়। এতে যানজট কমে আসে। কিন্তু সকালের জমে যাওয়া যানবাহনের কারণে জট পুরোপুরি সারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৮ ঘ.