ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গভীর শোক আর শ্রদ্ধায় বাংলাদেশ স্মরণ করলো ১৯৭১ সালে বিজয়ের আগ মুহূর্তে পাকিস্তানী দখলদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের।
রোববার সকাল ৭টায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও তার পর পর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন শুরু হয়। সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল সে সময় শহীদদের প্রতি 'সশস্ত্র সালাম' দিয়ে শ্রদ্ধা জানায়।
মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বেশ কিছু শ্রেষ্ঠ বাঙালি বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে।
পর্যবেক্ষকরা বলেন, স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই হত্যা করা হয় বাঙালি বুদ্ধিজীবীদের। পাকিস্তানী বাহিনী স্থানীয় সহযোগী রাজাকার,আলবদর ইত্যাদি বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বেশ কিছু বুদ্ধিজীবীকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে রায়েরবাজারে ইটের ভাটার কাছে ফেলে রাখে যা পরে 'রায়েরবাজার বধ্যভূমি' হিসেবে পরিচিত হয়ে ওঠে। ঢাকার বাইরেও অনেককে হত্যা করা হয়।
সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পরই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হুইল চেয়ারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকার মেয়রের পক্ষে কমিশনার আনোয়ার হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য সময় নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণে তিনি স্মৃতিসৌধে যেতে পারেননি। তার পক্ষে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপি চেয়ারপার্সনের স্মৃতিসৌধে যাওয়ার সময় নির্ধারিত ছিল সকাল সোয়া ৮টা। কিন্তু তিনি সেখানে পৌঁছেন ৮টা ৫২ মিনিটে। এই দেরির কারণে নিরাপত্তার যুক্তি দিয়ে এসএসএফসহ নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টা স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখেন। এতে জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
ওই সময় বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে যাওয়া গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাসদের আহ্বায়ক আফম মাহবুবুল হকসহ অনেক নেতা সেখানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তারা প্রবেশ করতে না পেরে ক্ষুব্ধ হয়ে স্মৃতিসৌধের প্রবেশপথে পুস্পস্তবক রেখে চলে যান।
এ সময় ক্ষুব্ধ ড. কামাল হোসেন বলেন, " শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি, কোনো ভিআইপি দেখতে নয়। কিন্তু একজনের কারণে এত মানুষের দুর্ভোগ কোনোভাবে কারো কাম্য নয়। এটা অন্যায়। তাই আমি আমার শ্রদ্ধাঞ্জলি গেটেই রেখে যাচ্ছি।"
রাশেদ খান মেনন ও আফম মাহবুবুল হকও অনুরূপ অভিমত দিয়ে বলেন, এখানে যারা আসেন, তাদের সবার নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর। এভাবে একজনের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ অন্যায়।
পরে খালেদা জিয়া গাড়ীবহরসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরপরই সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ঢল নামে।
একে একে জাতীয় পার্টি (জেপি), জাতীয় পার্টি (এ), বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওর্য়ার্কার্স পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর শুরু হয় অন্য রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ। মীরপুরের শহীদ বুদ্ধিবীবীদের কবর এবং রায়েরবাজারে বুদ্ধিজীবীদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ছেয়ে যায় শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ভিড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আমরা মুক্তিযোদ্ধার সস্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম'৭১, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রদল, জিসাস, যুবদল, শ্রমিক দল, মহিলা পরিষদ, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম, বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পী গোষ্ঠী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক জাতীয় পার্টি, শ্রমজীবী মুক্তি আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে বিভিন্ন স্তরের মানুষ প্রচলিত আইনে যুদ্ধাপরাধীদের বিচার দাবি ও আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীদের নির্বাচিত না করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৯৪৯ঘ.
bdnews24