ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো আন্তর্জাতিক বইমেলা হিসেবে সোমবার শুরু হচ্ছে ঢাকা বইমেলা।
এখন থেকে এর নাম 'ঢাকা আন্তর্জাতিক বইমেলা'। মেলার নাম বদলের সঙ্গে বদলে গেছে স্থানও। আগারগাঁওয়ের বদলে ১৫ দিনব্যাপী এই মেলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে।
সংস্কৃতি সচিব শরফুল আলম রোববার তথ্য অধিদপ্তরে (পিআইডি) এক সংবাদ সম্মেলনে জানান মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বইমেলার মোট ২০০টি দোকানের ১৫০টি ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠান এবং দূতাবাস, পাঠাগার ও বিদেশি প্রকাশকরা অংশ নিতে পারবে বলেও জানান তিনি।
এছাড়া বই কিনতে উৎসাহিত করতে ২৫ শতাংশ কমিশন থাকবে। মেলায় সর্বোচ্চ বই প্রকাশকারী এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে এবার।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য পাঁচ টাকা।
বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার তুলনায় প্রতি বছর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ঢাকা বইমেলার আকর্ষণ অনেক কম যার অন্যতম প্রধান কারণ নগরকেন্দ্র থেকে এর দূরত্ব। এছাড়া মূলত সরকারি উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রাণের টানও কম বোধ করার কথা বলে থাকেন গ্রন্থপ্রেমীরা।
বইপ্রেমীদের আগ্রহের কথা বিবেচনা করে এবার স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানান সচিব শরফুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯২৭ঘ.
bdnews24