নীলফামারী, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে রোববার ভোরে নিষিদ্ধি ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী পুলিশের একটি দল।
এ নিয়ে গত কয়েকদিনে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর থেকে ১১ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হল। গত শুক্রবার ভোরে নীলফামারী ও লালমনিরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার করা হয় জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার আব্দুল কুদ্দুস খান সালফিসহ সাতজনকে।
রোববার ভোরে গ্রেপ্তারকৃত শাজাহান আলী (৫০) দিনাজপুরের বিরামপুর উপজেলার জোত জয়রাম উত্তরপাড়ার আব্দুল হালিম মুন্সীর ছেলে।
নীলফামারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এর আগে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাজাহান আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে নীলফামারী থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার জানান, নির্বাচন সামনে রেখে নীলফামারীসহ বৃহত্তর রংপুর অঞ্চলের জেএমবি সদস্যদের সংগঠিত হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24