২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন

শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে রোববার চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে রোববার চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, বাংলাদেশ যুব ইউনিয়ন, সম্মিলিত আবৃত্তি জোট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব। এছাড়া রোববার সকালে মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্রলীগ,ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দেয়। বিভিন্ন সংগঠন আয়োজিত বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি থেকে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার এবং আসন্ন সংসদ নির্বাচনে তাদের প্রতিহত করার আহবান জানানো হয়। রোববার সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সভাপতি শহীদ উল আলম প্রমুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল হোসাইন, সাধারণ সম্পাদক ড. মো. কামরুল হুদা প্রমুখ। এর আগে চবি বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহীদদের উদ্দেশে নিবেদিত কবিতা পাঠ এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৮৪৮ঘ.