কিশোরগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ সদর উপজেলার রবুখালী এলাকায় রোববার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।
আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার গাংগাইল গ্রামের ওসমান গনি (৬৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, পূর্ব শক্রতার জের ধরে চরশোলাকিয়া ও গাংগাইল গ্রামের দুটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও জবাই করে রফিকুলকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। রফিকুল চরশোলাকিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ওসি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৮ ঘ.
bdnews24