২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন রোববার

নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন রোববার। শনিবার পর্যন্ত ঢাকা মহানগরীর ৩৫ থানায় ২ হাজার ৩শ' ৮৬টি পিস্তল ও রিভলবার এবং ৬শ'টি বড় অস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন রোববার। শনিবার পর্যন্ত ঢাকা মহানগরীর ৩৫ থানায় ২ হাজার ৩শ' ৮৬টি পিস্তল ও রিভলবার এবং ৬শ'টি বড় অস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার পর্যন্ত ঢাকা মহানগরীর ৩৫ থানায় ২ হাজার ৩শ' ৮৬ টি পিস্তল ও রিভলবার জমা পড়েছে। লং আর্মস (বড় অস্ত্র) জমা দেওয়ার জন্য নির্দেশ না থাকলেও এই সময়ের মধ্যে ৬শ'টি বড় অস্ত্র বিভিন্ন থানায় জমা পড়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, অস্ত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয়ে পুলিশ এখনও কোনও নির্দেশনা পায়নি। আইন শৃংখলা বজায় রাখার স্বার্থে নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রাক্কালে সারাদেশের লাইসেন্সধারী পিস্তল ও রিভলবার মালিকদের সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমে জমা দেওয়ার সময়সীমা ছিল ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩ ডিসেম্বর এ সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট থানাগুলোতে অস্ত্র জমা নেওয়া হবে। এ আদেশ লংঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারামতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সধারী অস্ত্র মালিকরা তাদের অস্ত্র থানায় জমা দিয়েছিলেন। তবে নির্বাচন বাতিল হয়ে যাওয়ার পরও তাদের অনেকেই থানা থেকে তাদের অস্ত্র ফেরত নেননি। আবার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর অনেক মানুষ কোন আদেশ ছাড়াই নিজেদের অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২৩১১ঘ.