পাবনা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যা কিছু ঘটেছে তার দায়-দায়িত্ব আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলনা মতিউর রহমান নিজামী।
তিনি বলেন, "তত্ত্ববধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্র"তি দিলেও নির্বাচন দিতে সময় লেগেছে দুই বছর। এই দুই বছরে যা কিছু ঘটেছে তার সব কিছুর দায়-দায়িত্ব আওয়ামীলীগের। কারণ আওয়ামী লীগ বলেছে তাদের আন্দোলনের ফসল এই সরকার।"
শনিবার বিকেলে বেড়া উপজেলার কৈটলা পাম্প হেলিপ্যাড চত্বরে উপজেলা চারদলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় পাবনা-১ (বেড়া-সাথিঁয়া) জোট প্রার্থী নিজামী এ কথা বলেন।
তিনি বলেন, "এই সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। ১৪ টাকার চাল ৪০ টাকা, ৭ টাকা কেজির সার ৭০ টাকায় এবং ৫০ টাকার সয়াবিন তেল ১৩০ টাকা লিটারে খেতে হয়েছে।"
নিজামী তার ভাষায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ বাচাঁতে ইসলামী জাতীয়তাবাদী শক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।
বেড়া উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন- জামায়াত নেতা এ কে এম রফিকুন্নবী, বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাসেত খান, আব্দুল হামিদ, আমিনুর রহমান টুকু, আব্দুল আওয়াল, রিয়াজুদ্দিন, আব্দুস সামাদ লাল, আব্দুল মতিন, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24