নাটোর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়ায় ডুমরাই বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিফ সরকার (৩০) নামে একজন খুন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০জন।
আহতদের মধ্যে আফজাল ও রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নাটোর ও বাগাতিপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত লতিফ সরকার ডুমরাই গ্রামের মৃত মোবারক সরকারের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
নিহতের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী রামপাড়া গ্রামের সাত্তার, মুনছার, আব্বাস সহ ৫০/৬০জন সকাল ১১টার দিকে ডুমরাই গ্রামের ডাবলু সরকারের জমি দখল নিয়ে যায়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্তারের লোকজন লাঠিসোটা নিয়ে ডাবলুর লোকজনের ওপর হামলা চালায়। এতে তার ভাইয়ের ছেলে আব্দুল লতিফ সরকার ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24