২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন মান্নান ভূঁইয়া

স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'হাঁস' প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা নরসিংদী-৩ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসন থেকে পরপর চার বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন মান্নান ভূঁইয়া। তবে এবারই প্রথম ধানের শীষ বাদে অন্য প্রতীকে নির্বাচন করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'হাঁস' প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা নরসিংদী-৩ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসন থেকে পরপর চার বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন মান্নান ভূঁইয়া। তবে এবারই প্রথম ধানের শীষ বাদে অন্য প্রতীকে নির্বাচন করছেন তিনি। ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক। বিএনপি গঠনের আগে ১৯৭৩ সালে মান্নান ভূঁইয়া ন্যাপের (ভাসানী) প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তখনও তার প্রতীক ছিল ধানের শীষ। শনিবার সকাল থেকে মান্নান ভূঁইয়া শিবপুরের বাগাব ইউনিয়নের খড়কমারা, দক্ষিণ ব্রাহ্মদি, কুন্দারপাড়া বাজার, নাওড়া হাজী বাড়ি প্রভৃতি স্থানে পথসভা করেন। মান্নান ভূঁইয়া বলেন, "আমি আপনাদের প্রতিনিধি হতে নির্বাচন যুদ্ধে নেমেছি। সকলের দোয়া আর আশীর্বাদ চাই। আমার আজ কোনও দল নেই। শিবপুর-রায়পুরাবাসীই আমার দল।" সার ও কৃষি উপকরণের দাম কমিয়ে কৃষকদের উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চতুর্থ শ্রেণির কর্মচারীসহ গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানান তিনি। জাতীয় সংসদকে দেশের সব কর্মকাণ্ডের 'কেন্দ্রবিন্দু' অভিহিত করে মান্নান ভূঁইয়া বলেন, "এবারের নির্বাচনে যে কোনও সময়ে চেয়ে গুরুত্বপূর্ণ। আপনার একটি ভোট অনেক মূল্যবান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও কার্যকর একটি সংসদের জন্য সঠিক জনপ্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে।" নিজের জন্য ভোট চেয়ে তিনি বলেন, "আজ আমার ঠিকানা আপনারাই। সারাটা জীবন আপনাদের পাশে ছিলাম। আপনাদের কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি।" গণসংযোগকালে স্থানীয় বিএনপির আহ্বায়ক আবুল হারিছ রিকাবদার, সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধাসহ যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন। ১১ বছর বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালনের পর গত বছরের সেপ্টেম্বরে দল থেকে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর কয়েকমাস আগেই দলে চেয়ারপারসনের ক্ষমতা কমানোসহ একটি সংস্কার প্রস্তাব উত্থাপন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৫১৬ ঘ.