নীলফামারী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী ও লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একটি বিশেষ দল শুক্রবার ভোরে নীলফামারী ও লালমনিরহাটে অভিযান চালিয়ে ওই তিন জেএমবি সদস্যকে তাদের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ নিয়ে গত নয়দিনে জেএমবির একজন আঞ্চলিক কমান্ডারসহ ১০জনকে গ্রেপ্তার করা হল। সর্বশেষ গত বুধবার জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার আবুল কুদ্দুস খান সালফিকে (৪০) গ্রেপ্তার করা হয়। এর আগে কয়েক দফায় গ্রেপ্তার করা হয় আরও ছয় জেএমবি সদস্যকে।
শুক্রবার ভোরে গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের মৃত আমির উদ্দীন ওরফে আমুর ছেলে জেএমবি'র এহসার সদস্য আব্দুল বাকী ওরফে বকুল (২৮), নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামের অছির আলীর ছেলে আবুল কালাম (২৮) এবং নীলফামারীর জলঢাকা উপজেলার মাথাভাংগা গ্রামের নজমুদ্দীনের ছেলে অপিয়ার রহমান (৩৫)।
নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া গেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহত্তর রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
নীলফামারীর পুলিশ সুপার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেএমবি'র জঙ্গিরা সংগঠিত হচ্ছে বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি জানান, জঙ্গিরা বলেছে তারা নীলফামারী-৩ আসনের চারদলীয় জোট প্রার্থী ও জামাত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলামের পক্ষে কাজ করতে মাঠে নেমেছে। জঙ্গিদের গ্রেপ্তারের পর আজিজুল ইসলাম তাকে ফোন করেছেন বলেও তিনি দাবি করেন।
পুলিশ সুপার বলেন, "আমরা গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য পরীক্ষা করে দেখছি। তাদের দেওয়া তথ্য সঠিক বলে প্রমাণ পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।"
তবে গ্রেপ্তারকৃত জেএমবি জঙ্গিদের দেওয়া তথ্য সঠিক নয় বলে নাকচ করে দিয়েছেন আজিজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেএমবির সঙ্গে জামায়াতের কোন সম্পর্ক নেই। জামায়াত জঙ্গি তৎপরতা ঘৃণা করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24