ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খাঁচার সামনে যে লেখা ছিল 'এরা বুদ্ধিমান প্রাণী'! ভেতরে দেখা গেলো একটা শিম্পাঞ্জি। মানে শিম্পাঞ্জিরা বুদ্ধিমান প্রাণী। বুঝতে সমস্যা হলো না তাদের কাজকর্ম দেখে। তার পায়ের তলায় পড়ে আছে একটা লাল আপেল, আর হাতে গল্ফ স্টিকের মতো লোহার স্টিক। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এই বুঝি আপেলটা বাইরে ছুড়ে দেবে। কিন্তু না শিম্পাঞ্জিটা শেষমেশ সেরকম কিছু করেনি। কারণ আসলেই তারা 'বুদ্ধিমান প্রাণী'।
জানাচ্ছেন অমিত তালুকদার।
বুধবার দুপুরে ঢাকা চিড়িয়াখানায় ঘুরে দেখা গেছে পুরো চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ। নানা বয়েসী দর্শকদের ভিড়। শিশুদের মাঝে আনন্দের বন্যা। দৌড়াদৌড়ি, চিৎকার। শিশুদের আনন্দের সঙ্গে চিড়িয়াখানার প্রাণীগুলোও যেন অনেকটা চাঙা। তাদের আবার ঈদ লেগেছে কিনা, কে জানে! তবে ঈদ লেগেছে শিশু শাওনের।
"বাঘ মামা আইসক্রিম খাবা? গাড়িতে চড়বা", এভাবে টুকটুক করে কথা বলছিল শিশু শাওন। বুধবার চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড়ের মধ্যেই তার মামা রিফাত ভাগ্নেকে নিয়ে চলে এসেছেন চিড়িয়াখানায়।
তবে বানরের মন খারাপ দেখে শাওনেরও মনটা খারাপ হয়ে যায়। সে কি আর বুঝে অভুক্ত বানর আর কতো বাঁদরামি করতে পারে!
ঘুরতে এসেছে চিড়িয়াখানায় গোড়ান থেকে শিশু ইমরান তার বাবা মায়ের সঙ্গে। বাঘের গর্জন শুনেই ভয় পেয়ে যায় ইমরান। তারা পুরো পরিবারই চিড়িয়াখানা দেখতে এসেছিল। চিড়িয়াখানায় এটা ছিল ইমরানের প্রথম আসা। খুব ভাল লাগছে বলে জানায় ইমরান।
সাভারের হেমায়েতপুর থেকে মা-বাবার সঙ্গে চিড়িয়াখানায় এসেছে ১২ বছরের সুলতানা এবং তার ছোট বোন সোমা ও ময়না।
তারাও এই প্রথম চিড়িয়াখানায় এসেছে। বাঘ, সিংহ পাখি দেখে তাদের খুব ভাল লেগেছে বলে জানায়। তারা সারাদিন চিড়িয়াখানায় ঘুরে বেড়ানোর আবদার করে মা-বাবার কাছে।
চিড়িয়াখানা দেখতে আসে মিরপুরের ডানপিঠে তিন বন্ধু লিমন, ইদ্রিস ও রুবেল। বাঘ, সিংহ, বানর, গণ্ডার, জলহস্তি, ময়ূর, উটপাখি, কুমিরসহ নানা পশুপাখি দেখে খুব মজা পেয়েছে তারা।
চিড়িয়াখানার কর্মচারী পুষ্প চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে গত দুই দিন চিড়িয়াখানায় বিপুল সংখ্যক মানুষজন এসেছেন। বৃহষ্পতিবারও চিড়িয়াখানা খোলা থাকবে। মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চিড়িয়াখানার মূল ফটক খুলে বাঁশ দিয়ে অতিরিক্ত প্রবেশ পথ তৈরী করা হয়েছে।
চিড়িয়াখানার মতো শাহাবাগের শিশুপার্কেও ছিল নানা বয়েসী শিশুর ভিড়। দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন রাইডে চড়ে তারা। তবুও তাতে তাদের খুব আনন্দ হয়।
শাহাজাহানপুরের ১০ বছরের শিশু ইমরান বিমানে ওঠার লাইনে দাঁড়িয়ে বলে, "শিশুপার্কে এসে খুব ভাল লাগছে। প্লেনে উঠব। ঘোড়ায়ও চড়বো।"
তার বোন সানজিদা কোনও দিন শিশুপার্কে আসেনি বলে জানায়। সানজিদার কথায়, এই প্রথম শিশুপার্কে এসে তার খুব ভাল লাগছে। সে ট্রেনে চড়তে চায়।
১১ বছরের শিশু মাহমুদ জানায়, ঈদের ছুটিতে শিশুপার্কে এসে খুব ভাল লাগছে। মাহমুদ বলে, "সবগুলো রাইডে চড়বো। প্লেনে চড়তে ভাল লাগে। বৃহস্পতিবার চিড়িয়াখানায় যাবো।"
শাহবাগ শিশুপার্কের পাশে রমনা পার্ক ও সোহরাওয়ার্দি উদ্যানের ঈদ প্রেমী মানুষের ভিড় দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/এমআরএফ/এজে/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24