ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার বঙ্গভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তির পাশাপাশি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
সকাল সাড়ে ৯টা থেকে কূটনীতিকদের সঙ্গে এবং ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। এর আগে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি।
শেখ হাসিনা সকাল সাড়ে ৯টায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সাড়ে ১০টা থেকে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
খালেদা জিয়া ঈদের সকাল সাড়ে ১০টায় প্রথমে কূটনীতিকদের সঙ্গে এরপর ১১টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় নেতা-কর্মী ও সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২২৫৫ঘ.
bdnews24