চট্টগ্রাম, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাসের দাবিতে চট্টগ্রাম বন্দরের দুটি বার্থ অপারেটর প্রতিষ্ঠানের ক্রেন অপারেটররা কাজে যোগ দেননি।
বোনাস না পেয়ে রোববার বিকাল থেকে তারা কাজে যোগ দেওয়া থেকে বিরত রয়েছেন বলে জানিয়েছেন ক্রেন অপারেটররা। তবে বিকল্প ব্যবস্থা হিসাবে বন্দরের অপারেটর দিয়ে কাজ চালিয়ে নেওয়ায় জাহাজ থেকে মালামাল খালাস বন্ধ হয়নি।
চার হাজার টাকা বোনাসের দাবিতে বার্থ অপারেটর 'পঞ্চরাগ উদয়ন সংস্থার' অধীনে সাত নম্বর বার্থে জাহাজ থেকে মালামাল খালাস কাজে যোগ দেননি এর ক্রেন অপারেটররা (উইনসিএইচ ম্যান)। অ্যারিয়েন স্টিভিডোরস প্রতিষ্ঠানের অপারেটররা রোববার রাতের পালা থেকে বহির্নোঙ্গরের জাহাজ থেকে মালামাল খালাস কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পঞ্চরাগ উদয়ন সংস্থার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম বাবু ক্রেন অপারেটরদের কাজে যোগ না দেওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা বিকেলে কাজ করতে এসে অতিরিক্ত বোনাস দাবি করে। কিন্তু হঠাৎ করে এত টাকা বোনাস দেওয়া সম্ভব নয় বলে তাদের জানানো হয়। অভিমান করে তারা কাজে যোগ দেয়নি।"
তিনি বলেন, "সব বার্থ অপারটেরের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী তাদের এক হাজার টাকা বোনাস দেওয়ার কথা। রাতারাতি চার হাজার টাকা বোনাসের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এ বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। কাজে সাময়িক ব্যাঘাত ঘটলেও মালামাল খালাস থেমে নেই।"
তবে এ প্রসঙ্গে বন্দর পরিচালক (ট্রাফিক) আহসানুল কবির জানান, বেতনের দাবিতে অপারেটরদের কাজে যোগ না দেওয়ার বিষয়টি তার জানা নেই। বন্দরে কাজ বন্ধ নেই বলে নিশ্চিত করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন অপারেটর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের ছয়টি জেনারেল বার্থে ক্রেন অপারেটরদের বোনাস দেওয়া হয় না। অন্যদিকে, কন্টেইনার অপারেটররা ছয় হাজার টাকা করে বোনাস পান। এমনকি ডক শ্রমিক ও মার্চেন্ট শ্রমিকরাও চার হাজার টাকা করে বোনাস পান। তাই অপারেটরদের চার হাজার টাকা বোনাসের দাবি অযৌক্তিক কিছু নয়।
তারা পালাভিত্তিক কাজের পরিবর্তে মাসিক ভিত্তিক নিয়োগেরও দাবি জানান।
অপারেটররা জানান, একজন অপারেটর আট ঘণ্টা শিফটের জন্য পাঁচশ টাকা পান। তবে কাজ না থাকলে তাদের কোনো টাকা দেওয়া হয় না। ফলে তাদের আর্থিক অবস্থা ভালো নয়।
বন্দরে বর্তমানে প্রায় আড়াইশ ক্রেন অপারেটর রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/২২৫৩ঘ.
bdnews24