মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমণ্ডল এলাকায় শনিবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও আটজন।
নিহতরা হলেন- আবু তালেব (৪০) এবং তার দ্ইু ছেলে ইমরান (১০) ও আমিনুল (১২)।
আহত তালেবের স্ত্রী তাসলিমা (৩৫), বোন ফাহিদা (৩২), আল আমিন (১৪), আমির হোসেন (১০), ঝর্ণা (৩), করিমা (২), মহসিন (৮ মাস) ও চালককে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যান।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বাসটি আটক করা যায়নি বলেও জানান তিনি।
তিনি আরও জানান, নিহত আবু তালেব স্ত্রী, সন্তান, বোন-ভাগ্নেসহ মোট নয়জন নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি মাদারীপুর যাচিছলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24