২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার

ঈদ-উল আজহা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর পার্শ্ববর্তী জেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখারও সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল আজহা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর পার্শ্ববর্তী জেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখারও সিদ্ধান্ত হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ শনিবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, "গত ঈদ-উল-ফিতরের অভিজ্ঞতা নিয়ে এবার নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনটি ছকে ভাগ করা এ পরিকল্পনার মধ্যে প্রথম ভাগ ১ ডিসেম্বর থেকে ঈদ পর্যন্ত, দ্বিতীয় ভাগ ঈদের দিন এবং তৃতীয় ভাগ ঈদের পরের দিন থেকে পরবর্তী সাত দিন।" জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার ট্রাফিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এই কয়দিন ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হবে বলেও জানান নাইম আহমেদ। কমিশনার জানান, হাটে কোরবানীর পশু কেনা-বেচা বা আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর চামড়া বহনকারী যানবাহন এবং চামড়া কেনা বেচা নিয়ে হাঙ্গামা বন্ধেও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চুরি-ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধ প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে উল্লেখ করে নাইম আহমেদ জানান, এ সময় পুলিশের বিশেষ দল মোতায়েন থাকবে। এসব ব্যাপারে কেউ সহায়তা চাইলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রতিবারের মতো এবারও চামড়া কেনা বেচার জন্য সায়েন্স ল্যাবরেটরি, পোস্তগোলা, নিউমার্কেট, আজিমপুরের দুই পাশে, হাজারিবাগ, টিপু সুলতান রোড়, বংশাল, সিদ্দিকবাজার, গুলশান ২ নম্বর এবং আমিনবাজার ট্রাক স্ট্যান্ডের দুই পাশে স্থান নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন দুপুর ১২টা থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লালবাগ এবং হাজারিবাগ এলাকায় ঢোকার ক্ষেত্রে একমুখী পথের ব্যবস্থা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২০৪৩ঘ.