২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করুন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও পেশীশক্তিমুক্ত করতে সরকারি কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, "অতীতে এক শ্রেণীর অতি উৎসাহী ও রাজনৈতিক লেজুড়ধারী কর্মকর্তাদের জন্য সমগ্র প্রশাসনের ওপর কালিমা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

রংপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও পেশীশক্তিমুক্ত করতে সরকারি কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, "অতীতে এক শ্রেণীর অতি উৎসাহী ও রাজনৈতিক লেজুড়ধারী কর্মকর্তাদের জন্য সমগ্র প্রশাসনের ওপর কালিমা পড়েছে। আমার বিশ্বাস রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতসম্পন্ন কর্মকর্তাদের কেউ কোনভাবে নির্বাচনের দায়িত্বে নেই।" শনিবার দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে রাজশাহী বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "জনগণের মতামত যাতে সঠিকভাবে প্রতিফলিত হয় এমন একটা স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সকলকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। ইতিহাসের এই কঠিন পরীক্ষায় কর্মকর্তাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে।" প্রধান উপদেষ্টা আবারও হুঁশিয়ার করে দিয়ে বলেন, "কারো বিরুদ্ধে অভিযোগ এলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।" মহিলা, ধর্মীয় সংখ্যালঘু, উপজাতীয়, প্রতিবন্ধী, দুর্বল এবং বৃদ্ধ ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ নিশ্চিত করার ব্যাপারে মনোযোগী হওয়ার জন্যও ড. ফখরুদ্দীন সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশসহ (জেএমবি) ধর্মের নামে উগ্রপন্থী ও চরমপন্থী আন্ডার গ্রাউন্ড সংগঠনের তৎপরতা নির্বাচনে হুমকি হয়ে দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা এসব সংগঠনের তৎপরতা কঠোরভাবে দমনের নির্দেশ দেন। তিনি বলেন, "তারা যেন কোনভাবেই আর মাথা তুলে দাঁড়াতে না পারে।" নির্বাচন সামনে রেখে দেশের বাইরে আত্মগোপন করে থাকা সন্ত্রাসীরা যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও প্রধান উপদেষ্টা রাজশাহী বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন। এ অঞ্চলের সীমান্তের ফাঁক ফোকর গলে যাতে কোন সন্ত্রাসী বা অস্ত্র-গোলাবারুদ প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকা জুড়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল মতিন, মন্ত্রী পরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম। সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক শফিউল করিম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মনসুর আহসান ভূঁইয়া, রাজশাহীর পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুব মোহসীন, রাজশাহী পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৮১৯ঘ.