২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন বাতিল উদ্দেশ্যপ্রণোদিত, দাবি একে খন্দকারের

ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়ন বাতিল উদ্দেশ্যপ্রণোদিত এবং হেয়প্রতিপন্ন করার জন্য তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়ন বাতিল উদ্দেশ্যপ্রণোদিত এবং হেয়প্রতিপন্ন করার জন্য তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এ কে খন্দকার। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, "আমাকে ঋণখেলাপি বলা যাবে না। আমার মাধ্যমে কেউ ঋণ নেয়নি। আমার মনোনয়ন বাতিলের কোনো আইনগত বৈধতা নেই।" বিমান বাহিনীর এই সাবেক প্রধান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা- ২ আসনে মনোনয়ন দাখিল করেন। এ কে খন্দকার বলেন, বেসরকারি এয়ারলাইন 'এয়ার পারাবত'-এ ১৯৯৪ সালে এক দশমিক ২৫ শতাংশ অংশীদারিত্বের বিনিময়ে তিনি পরিচালকের পদ পান। ওই পদ নেওয়ার আগেই তিনি প্রতিষ্ঠানকে জানিয়ে দেন এর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে তাকে সম্পৃক্ত করা যাবে না। এয়ার পারাবত ব্যাংকে ঋণের জন্য আবেদন করায় তিনি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জানিয়ে একে খন্দকার দাবি করেন, তার পদত্যাগপত্র দেরিতে ব্যাংকে জমা দেওয়া হয়। তিনি বলেন, "আমি ঐ প্রতিষ্ঠানের কোনো কাগজে স্বাক্ষরও করিনি এবং এই ঋণের বিষয়ে আমি কোনো রকম অংশীদার হইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/১৮০০ঘ.