ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শুক্রবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ রাজনীতিবিদ ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতের এক হোটেলে মারা যান।
তার স্মরণে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। নেতৃত্বের বলিষ্ঠতা ও চারিত্রিক দৃঢ়তা তাকে মহীয়ান করেছে। তার আসাধারণ ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলী জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে। চরম সঙ্কটকালেও তিনি গণতান্ত্রিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।"
তিনি আরো বলেন, "পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের মূল বৈশিষ্ট। সোহরাওয়ার্দী আজীবন এ আর্দশের প্রতি অবিচল ছিলেন। এ মহান নেতার আদর্শ আজো আমাদের অনুপ্রাণিত করে।"
সোহরাওয়ার্দীর আত্মার মাফফেরাত কামনা করে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। দূরদর্শী এ রাষ্ট্রনায়ক দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। আমি আশা করি, তার এ অবদান জাতির জন্য অনন্তকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
জাতীয় পার্টি (জেপি), বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সকালে হাইকোর্ট প্রাঙ্গনে সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তাদের গুলশানের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
অভিনেত্রী তারানা হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক মির্জা আব্দুল খালেক, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ফারুক, ফাল্লুনী হামিদ, অরুণ সরকার রানা, কে এম আর মঞ্জুর আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/জেকে/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24