২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের আপত্তিতেই উপজেলা নির্বাচন সম্ভব হয়নি: উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় উপজেলা নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় উপজেলা নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শ্রমিকদের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে 'গ্রীন জবস' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শ্রম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "উপজেলা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের কোনো সমস্যা ছিল না। আমরা প্রশাসনিকভাবে এর জন্য প্রস্তুতও ছিলাম। দলগুলো চাইলে সরকার এখনো উপজেলা নির্বাচন করতে পারে।" আনোয়ারুল ইকবাল বলেন, "দীর্ঘ ১৬ বছর পর বর্তমান সরকার উপজেলা নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়। তৃণমূল পর্যায়ের মানুষ চেয়েছিল বর্তমান সরকারের সময়েই নির্বাচনটি হোক। কারণ রাজনৈতিক সরকারের সময় নানা কারণে এ নির্বাচন হয়নি। এজন্য সরকারও নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় পেছানোর ব্যাপারে নির্বাচন কমিশনকে বোঝাতে সক্ষম হয়েছে।" উপদেষ্টা বলেন, "বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচন না হলেও তফসিল ঘোষণা করা হয়েছে। আশা করি, পরবর্তী সরকারের সময় এ তফসিলেই নির্বাচন হবে।" জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মনোনয়নে 'দুর্নীতিবাজ' হিসেবে অভিযুক্তরা অনেকে স্থান পাওয়ায় সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা কোনো মন্তব্য করতে চাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০১২ঘ.