ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইন মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছেছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবেই তিনি বাংলাদেশে এসেছেন।
মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে ম্যাককেইন দিল্লি থেকে একটি চার্টার্ড বিমানে ঢাকা অবতরণ করেন বলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা জানান।
তাদের স্বাগত জানাতে জিয়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
ম্যাককেইনের সঙ্গে সিনেটর জোসেফ লিব্যারম্যান ও সিনেটর লিন্ডসে গ্রাহামও রয়েছেন।
এ ঝটিকা সফরে তারা বাংলাদেশে মাত্র ১১ ঘণ্টা অবস্থান করবেন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণ নিয়ে আলোচনা করবেন ম্যাককেইন। আর এর পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে বসবেন তিনি।
ঢাকা ছেড়ে যাওয়ার আগে বুধবার সকাল সাড়ে ৮টায় জিয়া বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলন করবেন ম্যাককেইন।
রোববার ঢাকায় আমেরিকান সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ম্যাককেইন ও তার সঙ্গীরা। বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
জন ম্যাককেইন অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ১৯৮৬ সালে রিপাবলিকান দলের সিনেটর হিসেবে নির্বাচিত হন এবং ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিনেটর জোসেফ লিবারম্যান যুক্তরাষ্ট্রের সিনেটে ১৯৮৮ সাল থেকে কানেটিকাটের প্রতিনিধিত্ব করছেন এবং ২০০০ সালে ডেমোক্র্যাট দলের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিনেটর লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের সিনেটে ২০০২ সালে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন।
তারা তিনজনই সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য এবং ম্যাককেইন কমিটির 'র্যাঙ্কিং মেম্বার' ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২৩০০ঘ.
bdnews24