২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আটক এনজিও প্রধান জেলহাজতে, ছয়জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে বেসরকারি সংস্থা (এনজিও) সোসাইটি ফর টুগেদার হিউম্যান ডেভেলপমেন্ট ওয়ার্কের চেয়ারম্যান ফজর আলীকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

পঞ্চগড়, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে বেসরকারি সংস্থা (এনজিও) সোসাইটি ফর টুগেদার হিউম্যান ডেভেলপমেন্ট ওয়ার্কের চেয়ারম্যান ফজর আলীকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। বন্ধ করে দেওয়া হয় সংস্থার কার্যক্রম। রাতেই অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে তিনিসহ ছয়জনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা করা হয়। মঙ্গলবার পুলিশ ফজর আলীকে পঞ্চগড়ের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জেলহাজতে পাঠানোর আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে প্রতারিত সদস্যরা তাদের টাকা ফেরত পাওয়ার আশায় দুদিন ধরে পুলিশ সুপারের কার্যালয় ও পঞ্চগড় সদর থানায় ভিড় করছেন। তারা সদস্য ভর্তির পাশবই থানায় জমা দিয়েছেন। ফজর আলীকে জেলহাজতে পাঠানো ও মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মহিনুল ইসলাম। তিনি জানান, সদর উপজেলার মীরগড় এলাকার মফিজুল হক (৪৫) নামে একজন গ্রাহক ফজর আলীসহ জনের বিরুদ্ধে পঞ্চগড় থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলাটি করেছেন। অপর পাঁচ আসামি হলেন- সংস্থার কর্মচারী পঞ্চগড়ের মিঠাপুকুর উপজেলার ফিরোজ ও জুয়েল, পঞ্চগড়ের মোলানি শিংপাড়ার শাহীন ও সায়েদুর, পাবনার বেড়া উপজেলার সুইট। মামলায় অভিযোগ করা হয, সংস্থার চেয়ারম্যানসহ অন্য আসামিরা পাঁচ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে ৩২০ টাকা ফি নিয়ে অনেককেই সদস্য করেছেন। পরে সংস্থার লোকজন ৩২০ টাকা নেওয়ার কথা এবং লাভের টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করে। এভাবে প্রায় দুই থেকে আড়াই হাজার সদস্যের কাছ থেকে সংস্থার লোকজন ৮/৯ লাখ টাকা আত্মসাৎ করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত টাকা ফেরত পেতে প্রায় তিনশ' সদস্য তাদের পাশবই তার কাছে জমা দিয়েছে। তিনি বলেন, "ফজর আলী সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণা করাই তার পেশা।" স্থানীয় সমাজ সেবা অধিদপ্তরের তদন্তের পর সোমবার দুপুরে জেলা প্রশাসকের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে সোসাইটি ফর টুগেদার হিউম্যান ডেভেলপমেন্ট ওয়ার্কের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে সংস্থার বিভিন্ন নথিতে গরমিল ধরা পড়ায় আটক করা হয় ফজর আলীকে। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার নাকালিয়া ইউনিয়নের চরমারীসি গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৪ ঘ.