নাটোর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের অসর্তকতার কারণে একটি মামলায় গত ৬৮ দিন জেলহাজতে রয়েছেন নাটোরের কৃষক সামসুল হক (৩৩)। সোমবার থেকে আদালতে ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী একমাসেও তার জামিন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ আলী বলেন, "তদন্তকারী কর্মকর্তা অসতর্কতার কারণে পদ্ধতিগত ত্র"টি করেছেন। এ পর্যায়ে ক্রটি সংশোধন করাও মুশকিল। তবে যত দ্রুত সম্ভব সমস্যার সুরাহা করা হবে।"
নাটোরের পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, "এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
মামলার নথি থেকে জানা গেছে, মামলাটির প্রকৃত আসামি সামসুল হকের ভাই সাবদুল হক। এরা দু'জন নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের ইউছুফ খাঁর ছেলে।
বিদ্যুতের সরঞ্জাম চুরি করে নাশকতা সৃষ্টির অভিযোগে ২০০৫ সালের ৪ অক্টোবর নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক আইয়ুব আলী বাগাতিপাড়া থানায় সাবদুল হককে আসামি করে একটি মামলা করেন।
বাগাতিপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আতাউর রহমান তদন্ত শেষে অভিযোগপত্রে সাবদুল হকের নামের স্থলে সামসুল ওরফে সাবদুল উল্লেখ করেন। আদালত সামসুল ওরফে সাবদুল নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। লালপুর থানা পুলিশ গত ২৬ সেপ্টেম্বর সামসুলকে গ্রেপ্তার করে।
সামসুল হকের আইনজীবী আজিজার রহমান খান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে এক ভাইয়ের পরিবর্তে অন্য ভাইয়ের নাম উল্লেখ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আদালত পুলিশের মতামত চাইলে পুলিশ আবারও একই ধরনের মতামত দাখিল করে। ফলে গত রোববারও তার জামিন আবেদন না মুঞ্জুর হয়।
এদিকে আদালত এক মাসের ছুটি হয়ে যাওয়ায় আগামী এক মাসেও তার জামিন হবে না বলে জানান তিনি।
সামসুল হকের মা সবুরজান (৮৫) বলেন, তার ছেলে সামসুল হক সম্পূর্ণ নির্দোষ। সে জীবনে কারও কোনো ক্ষতি করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪১ ঘ.
bdnews24