মৌলভীবাজার, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে রোববার রাতে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন -দুদক।
এ ঘটনায় বড়লেখা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে পাঁচ গ্রামবাসীকে থানা হাজতে আটক রেখে উৎকোচ গ্রহণের চেষ্টার অভিযোগে গত ২ জুলাই আসাদুজ্জামানকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।
দূর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় উপ-পরিচালক জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে ৫০০ টাকার ৫০টি নোটে ২৫ হাজার টাকাসহ আসাদুজ্জামানকে আটক করা হয়।
তিনি জানান, চার-পাঁচ মাস আগে বড়লেখা আলীয়া মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক উপজেলার মাইজগ্রামের বাসিন্দা আজাদ আহমদের ২২ হাজার টাকা দামের একটি মোবাইল সেট চুরি হয়।
আজাদ আহমদ বড়লেখা থানায় মামলা করতে গেলে ওসি আসাদুজ্জামান মামলা না নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে একই থানার উপ-পরিদর্শক মলয় ভূষণ সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পান। কিন্তু ওসি মামলাটি রেকর্ড না করে আজাদের কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।
আজাদ আহমদ গত ২৭ নভেম্বর এ বিষয়ে দুদকের কাছে অভিযোগ করেন।
দুদকের পরামর্শ অনুযায়ী রোববার রাত পৌণে ৮টার দিকে তিনি ঘুষের টাকা দিতে যান। এ সময় ঘুষের টাকাসহ ওসিকে আটক করা হয়।
দুদকের মৌলভীবাজার ও হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, আসাদুজ্জামানকে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ সুপারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে বড়লেখা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ অভিযানে জুলফিকার আলী ছাড়াও নেতৃত্ব দিয়েছেন দুদক সিলেটের পরিচালক মুশতাইন জহির।
মৌলভীবাজারের পুলিশ সুপার ব্যারিস্টার এম জিল্লুর রহমান রোববার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের বলেন, "আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পৌছে আরও বিস্তারিত জানা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24