২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অনৈসলামিক' মনে করে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা চালানো হয়

বর্ষবরণের অনুষ্ঠান অনৈসলামিক মনে করত জঙ্গিরা। আর এ জন্যই তারা ২০০১ সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষবরণের অনুষ্ঠান অনৈসলামিক মনে করত জঙ্গিরা। আর এ জন্যই তারা ২০০১ সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা চালায়। বোমা হামলার ওই মামলার অভিযোগপত্র দেওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা এ কথা জানান। রমনা বটমূলে ২০০১ সালের বোমা হামলার ঘটনায় জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান, মোহাম্মদ তাজউদ্দিনসহ ১৪ জনকে আসামি করে রোববারই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এটি দাখিল করেন সিআইডি পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ। ২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জনপ্রিয় বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হামলাকারী সুজনসহ ১০ জন নিহত হয়। বাংলা নববর্ষের প্রথম ভোরের এ অনুষ্ঠান রাজধানীতে পহেলা বৈশাখের অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে গত কয়েক দশকে। বোমা হামলার দীর্ঘ সাত বছর সাত মাস পর রোববার মামলার অভিযোগপত্র দেওয়া হলো। এর মধ্যে ছয় বার মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়। আবু হেনা ইউসুফ এ মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্র দাখিলের পর সিআইডি কর্মকর্তা আবু হেনা সাংবাদিকদের বলেন, "১৪ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আসামিদের সবাই হরকাতুল জিহাদের (হুজি) নেতা-কর্মী।" অভিযোগপত্রভূক্ত আসামিরা হচ্ছে- হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নান, জাহাঙ্গীর বদর (দোহার), মাওলানা তাজউদ্দিন (ঢাকা), শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি আবদুর রউফ, মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা আবু তাহের, আরিফ হাসান সুমন, ঢাকার মাদানী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন, শাহাবত উল্লাহ ওরফে জুয়েল (নারায়ণগঞ্জ), আব্দুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া (সিলেট) ও মুফতি আব্দুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা)। বিকালে সংবাদ সম্মেলন করে রমনার হামলা তদন্তের বিভিন্ন বিষয় তুলে ধরে সিআইডি। মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। সিআইডি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি বলেন, "হুজি নেতা-কর্মীরা মনে করতো, বর্ষবরণ অনুষ্ঠান সম্পূর্ণ অনৈসলামিক। তারা আরও মনে করতো, তৎকালীন সরকার তাদের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে। এই ধারণা থেকেই তারা ওই হামলা চালায়।" এর সঙ্গে বিদেশি কোনও রাষ্ট্র বা সংগঠনের সম্পৃক্ততা নাকচ করেছেন তিনি। জঙ্গিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে ঘটনার বিবরণ তুলে ধরে জাভেদ পাটোয়ারি বলেন, "হামলার আগে মোহাম্মদপুরের একটি বাসা ও একই এলাকার সাতগম্বুজ মসজিদে কয়েকদফা বৈঠক করেন হুজি নেতারা। মাওলানা সাব্বির ও বদর বোমাগুলো তৈরি করেন। এরপর মাওলানা তাহের বোমাগুলো তুলে দেন মাওলানা তাজউদ্দিনের হাতে। তাজউদ্দিন এই বোমাগুলো রমনায় পেতে রাখার জন্য আরিফ হাসান সুমন, জুয়েল, জনি ও সুজনকে দেন।" "পহেলা বৈশাখের আগের রাতে ওই চার জন রমনা বটমূল এলাকা কয়েক দফা রেকি (পর্যবেক্ষণ) করে। পরে পহেলা বৈশাখের ভোরে একটি হলুদ ট্যাক্সি ক্যাবে (চালক হালিম) করে ওই চারজন বোমা নিয়ে রমনা টেনিস কমপ্লেক্সের পাশের ফটকে আসে। পুলিশকে ফাঁকি দিতে তারা হাতে প্যাকেট নিয়ে কয়েক দফা পার্কের ভেতরে ঢুকে ও বাইরে বেরোয়। পুলিশ তাদের ডেকোরেটর কর্মী হিসেবে ধরে নেওয়ার পর তারা প্যাকেটে করে বোমা নিয়ে ভেতরে যায়। বোমার রিমোট কন্ট্রোল ছিল জনির হাতে। সে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।" বিস্ফোরকের ধরণ সম্পর্কে সিআইডি প্রধান বলেন, "অ্যামোনিয়াম নাইট্রেট সম্বলিত ডিনামাইটের বিস্ফোরণ ঘটানো হয় যেগুলো দেশেই তৈরি করা হয়েছিল। ডিটোনেটর এর সাহায্যে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।" বোমা হামলার অর্থের উৎস সম্পর্কে তিনি বলেন, "হুজি নিজস্ব তহবিল থেকে এর অর্থায়ন করেছে। আর গাড়ি-পরিবহনসহ কিছু বিষয়ে মাওলানা তাজউদ্দিন সহায়তা করেছেন।" তাজউদ্দিন বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর চাচাতো ভাই। ২১ আগস্ট গ্রেনেড মামলার আসামি পিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন। তাজউদ্দিন ওই মামলারও আসামি। মামলার তদন্ত প্রক্রিয়ায় দেরির বিষয়ে সিআইডি প্রধান বলেন, "২০০৩ সালে মামলাটির তদন্তভার পায় সিআইডি। তার আগে পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) এর পাঁচ জন কর্মকর্তা এই মামলার তদন্ত করেছেন।" "তদন্ত ভার সিআইডিতে আসার পর একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বদলি হয়ে গেলে বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব পান। অনেকগুলো ঘটনাসূত্র মেলানো যাচ্ছিল না। পরে জঙ্গি আরিফ হাসান সুমন গ্রেপ্তার হওয়ার পর প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়।" রাজনৈতিক বিবেচনা বোমা হামলাসহ বিভিন্ন জঙ্গি তৎপরতার মামলার তদন্তে অস্বাভাবিক বিলম্বের অন্যতম প্রধান কারণ বলে ব্যাপকভাবে মনে করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জঙ্গি আরিফ হাসান সুমনকে গ্রেপ্তারের পর রমনা বোমা হামলা সংক্রান্ত অনেক নতুন তথ্য বেরিয়ে আসে। তদন্তে রমনায় বোমা হামলার ঘটনায় ২২ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও নাম ঠিকানা না পাওয়ায় ১৪ জনকে আসামি করা হয়েছে। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে পরে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে সিআইডি বলেছে। ১৪ আসামির মধ্যে পাঁচ জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। এরা হলেন- মুফতি হান্নান, রউফ, আবু তাহের, সুমন ও জুয়েল। মাওলানা আকবর হোসেন ২০০১ সালে গ্রেপ্তার হলেও পরের বছর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিবি/এমআই/এসকে/২০০৩ঘ.