কক্সবাজার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লোকসান কমানোর উদ্দেশ্যে কক্সবাজারের 'শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (সেব) গত ১৬ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য চিংড়ি পোনা উৎপাদন বন্ধ রেখেছে।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ রাখবে বলে জানিয়েছে চিংড়ি হ্যাচারিগুলোর এই সংগঠন।
শনিবার কক্সবাজারের সেব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এ তথ্য জানায়।
সংগঠনের নেতারা আবার উৎপাদন শুরু করার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তাদের ছয় দফা প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রস্তাবগুলোর ব্যাপারে পদক্ষেপ না নিলে হ্যাচারিগুলো পোনা উৎপাদন বন্ধ রাখতে পারে বলেও সংগঠনের নেতারা জানিয়েছেন।
সেব-এর দেওয়া ছয় দফা প্রস্তাব হলো- স্বল্প সুদে ও স্বল্প সময়ে ঋণ প্রদান, বিদ্যুৎ ও ডিজেলের ওপর ভর্তুকির ঘোষণা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, হ্যাচারিতে ব্যবহার্য সামগ্রীর দাম কমানোর ব্যবস্থা, হ্যাচারি জোনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চিংড়ি চাষী ও পোনা উৎপাদনকারীরা যেন উৎসাহ বোনাস পায় তার ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার কারণে চিংড়ি রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় গত মৌসুমে অধিকাংশ হ্যাচারিই উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়। তাই লোকসান কমানোর জন্য চলতি মৌসুমে তিন মাস চিংড়ি পোনা উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় 'সেব'।
সেব মহাসচিব মোহাম্মদ রইচ উদ্দিন জানান, হ্যাচারিগুলোর লোকসানের পরিমাণ কমানোর কথা চিন্তা করেই বর্তমানে পোনা উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সরকার বিষয়টি নজরে না আনলে পোনা উৎপাদন বন্ধ রাখার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে।
তিনি বলেন, "চলতি বছরের শেষ দিকে উৎপাদন শুরু করার ইচ্ছা আছে হ্যাচারি মালিকদের। কিন্তু অর্থাভাব, বিক্রয় মূল্যের চেয়ে উৎপাদন মূল্য বেশি এবং হ্যাচারি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।"
পোনা উৎপাদন বন্ধ হয়ে গেলে রপ্তানিযোগ্য চিংড়ি উৎপাদন বন্ধ হয়ে যাবে। এতে দেশ চার হাজার ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে বলে মনে করেন রইচ উদ্দিন।
'সেব' সহ-সভাপতি ও জম জম চিংড়ি প্রকল্পের মালিক মাহফুজ ইকবাল বলেন, "বর্তমান প্রতিটি চিংড়ি উৎপাদনে খরচ হয় ২২ থেকে ২৫ পয়সা। অথচ একটি পোনার বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ পয়সা।"
কক্সবাজারে গড়ে ওঠা চিংড়ি হ্যাচারি শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারকে চিংড়ি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সেব'র দেওয়া ছয়টি প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান তিনি।
এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সী-কিং হ্যাচারির চেয়ারম্যান এস এম শাহ আলম। এ সময় সেব এর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24