২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে গুরুত্বপূর্ণ এলাকায় দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা

স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বলেছেন, আগামী বিজয় দিবসের অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ঢাকা ও সাভারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বলেছেন, আগামী বিজয় দিবসের অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ঢাকা ও সাভারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার বিকেলে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠান ও নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সচিব সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধির। সভা শেষে আবদুল করিম সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, সভায় বিজয় দিবসের মূল অনুষ্ঠান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় স্মৃতি সৌধ, বঙ্গভবন, জাতীয় স্টেডিয়ামের বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা এবং এ উপলক্ষে নগরী ও সাভারের ট্রাফিক ব্যবস্থার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব জানান, এ উপলক্ষে ঢাকা থেকে স্মৃতিসৌধে যাওয়ার পথে কোন তোরণ নির্মাণ করা যাবে না। এতে ট্রাফিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, সাভার, জাতীয় স্টেডিয়ামের সরকারি অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে পোষাকধারী ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হবে। বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারের বিজয় দিবসের কয়েকদিন পরই জাতীয় নির্বাচন, তাই বিজয় দিবস জরুরি অবস্থামুক্ত পরিবেশে হবে কিনা, জানতে চাইলে সচিব আবদুল করিম জানান, "এ বিষয়টি আমার জানা নেই। এটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮১২ঘ.