ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পরও চারদলের অংশ নেওয়ার বিষয়ে সংশয় কাটেনি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আগাম ঘোষণার দাবি জানিয়ে জোটের নেতারা সোমবার বলেছেন, এ দাবি পূরণ না হলে নির্বাচনে যাওয়া-না যাওয়ার প্রশ্নে চারদল পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সোমবার বিকেলে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে চারদলের মহাসচিবদের এক বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা এবং পরবর্তী কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "নির্বাচন কমিশনের নতুন তারিখ ঘোষণার এই অংশটিকে আমরা ইতিবাচক মনে করি। আমাদের দাবির একটি অংশ পূরণ হয়েছে। তবে ১১ ডিসেম্বরের পর থেকে দেশে আর জরুরি অবস্থা থাকবে না- এ বিষয়ে সরকারের আগাম ঘোষণা চাই। না হলে চারদল বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
রোববার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনের নতুন তারিখকে স্বাগত জানালেও জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে অবিলম্বে তা প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) ধারা বাতিল বা 'অন্তত' স্থগিতের দাবি পুনর্ব্যক্ত করেন।
খোন্দকার দেলোয়ার আরও বলেন, "আমরা নির্বাচনে যেতে আগ্রহী। সে কারণেই সরকারকে অনুরোধ করবো সুষ্ঠু নির্বাচনের বাধা জরুরি অবস্থা অপসারণ করে আমাদের নির্বাচনে যাওয়ার পথ মসৃণ করে দিন।"
জরুরি অবস্থা প্রত্যাহার না হলে চারদল নির্বাচনে যাবে কিনা জানতে চাওয়া হলে সোজা উত্তর না দিয়ে দেলোয়ার বলেন, "আমরা বারবার বলে এসেছি জরুরি অবস্থার মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ দাবি পূরণ না হলে চারদল বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।"
৯১ (ই) প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, "নির্বাচন কমিশন এই ধারার পক্ষে যে ব্যাখ্যা দিয়েছে তা চারদলের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি একটি বিশেষ উদ্দেশ্যে তারা এ ধরণের একচ্ছত্র ক্ষমতা হাতে রাখতে চায়।"
৯১(ই) ধারায় কোনো প্রার্থী নির্বাচনী বিধি ভঙ্গ বা তার চেষ্টা করলে তদন্ত ও শুনানি সাপেক্ষে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ও সরকার বারবার এর যথেচ্ছ প্রয়োগের সুযোগ নেই বলে দাবি করে এলেও রাজনৈতিক দলগুলোর দৃশ্যত তার ওপর আস্থা নেই।
চারদলের মহাসচিবদের বৈঠকে বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন ও খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৮৫৭ঘ.
bdnews24