চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজে সোমবার ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ছাত্রাবাসের শতাধিক কক্ষ ভাংচুর হয়েছে। আগুনও দেওয়া হয়েছে কয়েকটি কক্ষে। আহত হয়েছে অন্তত ২০ জন।
সংঘর্ষের পর সন্ধ্যায় কলেজের শিক্ষা পর্ষদের (একাডেমিক কাউন্সিল) সভা ডেকেছে কর্তৃপক্ষ।
ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো নিয়ে বেলা আড়াইটার দিকে সংঘর্ষের সূচনা হয়। শিবির কর্মী মাসুম ও ছাত্রদলকর্মী নাজমুলের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এরপর তা ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে। ছাত্রাবাসের ১৬৮টি কক্ষের মধ্যে একশরও বেশি কক্ষ ভাংচুর হয়। আগুন দেওয়া হয় পাঁচটি কক্ষে।
সংঘর্ষ চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রদলের কলেজ শাখার সহসভাপতি অভীক আহসানও রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছে- ছাত্রদলকর্মী আজহার, নাজমুল, শান্ত, সুমন; ছাত্রশিবিরকর্মী রাশেদ ও মাসুম। ভর্তি হতে আসা দুই শিক্ষার্থী শরিফুল ও তারিকও আহত হয়েছে।
অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে।
ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, "দুপুরে বিনা উস্কানিতে শিবিরকর্মীরা কলেজে ছাত্রদলকর্মী নাজমুলকে মারধর করে। বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও শিবিরকর্মীরা বহিরাগত নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদলকর্মীদের কক্ষ ভাংচুর করে।"
সংঘর্ষ চলাকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রুহুল আমিন রানা চট্টগ্রাম কলেজের সবুর ছাত্রাবাস থেকে শিবিরকর্মীদের লাঠি-সোঁটা নিয়ে মেডিকেল কলেজে ঢুকতে দেখেছেন।
তবে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ অস্বীকার করেছেন শিবিরের কলেজ শাখার সভাপতি ইকবাল মাহমুদ।
ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সংঘর্ষের খবর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলেও তারা (পুলিশ) আসেনি।
শিবির নেতা ইকবাল সাংবাদিকদের বলেন, "ছাত্রদলই সংঘর্ষের সূত্রপাত ঘটায়। তারা আমাদের কর্মী মাসুমকে মারধর করে এবং পরে ছাত্রাবাসে হামলা চালায়। এরপর শিবিরকর্মীরা প্রতিরোধ করে।"
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশারও বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার কথা স্বীকার করেন। তবে তারা কোন সংগঠনের তা নিশ্চিত করতে পারেননি তিনি। শতাধিক কক্ষ ভাংচুর এবং কয়েকটি কক্ষে আগুন দেওয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি।
আবুল বাশার বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যা ৬টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে।"
সভায় কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সংঘর্ষ বাধার পর বিকাল সাড়ে ৩টা দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মেসবাহউদ্দিনের নেতৃত্বে আট প্লাটুন পুলিশ কলেজ ক্যাম্পাসে আসে।
বিকাল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ নির্বিচার লাঠিপেটা করেছে বলে ছাত্র সংগঠনগুলো অভিযোগ করেছে। তবে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন কেএমপির উপ-কমিশনার বনজ কুমার মজুমদার।
তিনি সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ কাউকে লাঠিপেটা করেনি। শান্ত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।"
পুলিশ দেরিতে এসেছে বলে যে অভিযোগ উঠেছে- তা অস্বীকার করে উপ কমিশনার বলেন, "খবর পাওয়া মাত্রই আট প্লাটুন পুলিশ পাঠানো হয়েছে। তবে ছাত্ররা বিশৃঙ্খল থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।"
বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার বিষয়ে সহকারী পুলিশ কমিশনার মেসবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক দল বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল। তবে পুলিশ তাদের হটিয়ে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24