সাভার, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে সাভারের কর্ণপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার বিক্ষোভ করেছে। তারা ঢাকা-আরিচা মহাসড়কও ঘণ্টাকাল অবরোধ করে রাখে।
এক মাসের বকেয়া দাবিতে 'বাংলাদেশ ডাইং' কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।
শ্রমিক সুমন, আশরাফুল ইসলাম, মিন্টু মিয়া, রুবেলসহ অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারবার প্রতিশ্র"ত দিয়েও বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়।
সকাল ৮টার দিকে প্রায় ৩০০ শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আশ্বাস দিয়ে শ্রমিকদের রাস্তা থেকে তোলে।
সাভার থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা গেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গেও আলোচনা করা হবে।"
কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, অর্ডার (কাজ) কম থাকায় বেতন পরিশোধে দেরি হচ্ছে। তবে তা শিগগিরই কেটে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24