২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসের জন্য হলেও রাষ্ট্রপতি হতে চাই: এরশাদ

আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলে এবং ক্ষমতায় যেতে পারলে ছয় মাসের জন্য হলেও রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

রংপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলে এবং ক্ষমতায় যেতে পারলে ছয় মাসের জন্য হলেও রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, "আমি রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় রাষ্ট্রপতি ছিলাম। এখন সংসদীয় পদ্ধতির সরকার। এ সরকারের রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই। তারপরও মহাজোট ক্ষমতায় গেলে আমি ছয় মাসের জন্য হলেও রাষ্ট্রপতি হতে চাই।" শনিবার সন্ধ্যায় রংপুরে তার বাসায় সমবেত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় এরশাদ এ কথা বলেন। এর আগেও তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলে এবং ক্ষমতায় গেলে তার রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে আওয়ামী লীগ এবং এর ১৪ দলীয় জোটের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন ইঙ্গিত দেওয়া হয়নি। সংসদ নির্বাচনের তারিখ পেছানোর ব্যাপারে তার কোন আপত্তি নেই জানিয়ে এরশাদ বলেন, "আমরাও চাই সব দলের অংশ গ্রহণে একটি গ্রহনযোগ্য নির্বাচন।" আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের বিষয়ে তিনি বলেন, "আমি মহাজোটে আছি, থাকব। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।" ২৪ নভেম্বর 'মহাজোট' বসে আসন বন্টন নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টি নেতা জিএম কাদের , সাবেক সাংসদ মশিউর রহমান রাঙ্গা, জেলা জাপার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ইয়াসির আহাম্মেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.