ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে দোকান কর্মচারিদের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাম নিয়ে চন্দ্রিমা মার্কেটের দোকান কর্মচারিদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের বিরোধ হলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় ছাত্র ও দোকান কর্মচারিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত গাড়ি চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
বেলা দেড়টার দিকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান।
চন্দ্রিমা মার্কেটের শেফালি এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচার দোকানের ব্যবস্থাপক মো. দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিনের একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার ঢাকা কলেজের ২০/২৫ জন ছাত্র এসে তাদের কর্মচারি বেলালকে বেধড়ক মারধর করে। এ সময় ছাত্ররা আশেপাশের কয়েকটি দোকানেও হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
মো. দুলাল বলেন পরে দোকানের কর্মচারিরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের প্রতিহত করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কয়েকজন দোকান কর্মচারি আহত হন বলেও জানান তিনি।
অন্যদিকে ঢাকা কলেজের ছাত্র তারেক মাহমুদ সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান কর্মচারিরা একজন ছাত্রকে চন্দ্রিমা মার্কেটে আটকে রেখেছে- এই খবরে ছাত্ররা একত্রিত হয়ে মার্কেটে গিয়ে তাকে ছাড়িয়ে আনে। তখন দোকানের কর্মচারীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
কর্মচারীদের ইটপাটকেলের আঘাতে কয়েকজন ছাত্র আহত হয় বলে জানান তোফাজ্জল নামে আরেক ছাত্র।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মীরপুর রোড এলাকায় কয়েকটি কলেজের অবস্থান এবং এ সড়কে বাস শ্রমিক বা দোকান কর্মচারিদের সঙ্গে কলেজ ছাত্রদের সংঘর্ষের কারণে যান চলাচল বিঘি
bdnews24