ভোলা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা শহরতলীর ইলিশা জংশন বাজারে শুক্রবার দুপুরে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস ও শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে বাজারের জাফর ফরাজীর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ভোলা ফায়ার সার্ভিসে খবর দেয়। দুপুর ৩ টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এখনও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেবে না করলেও স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24