২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী ক্ষমতা নেবে বলে মনে করি না: মরিয়ার্টি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলেও সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 06:09 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলেও সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন না। তিন দিনের পার্বত্য চট্টগ্রাম সফর শেষ করে ঢাকা ফেরার আগে বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সাংবাদিকদের তিনি একথা বলেন। মরিয়ার্টি আশা করছেন, সকল বড় দল নির্বাচনে অংশ নেবে। তবে যদি কোনো বৃহৎ রাজনৈতিক দল আগামী নির্বাচন বয়কট করে সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতার বিষয়টি ওয়াশিংটন পর্যবেক্ষণ করবে। নির্বাচন না হলে অনিশ্চিত পরিস্থিতিতে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের সম্ভাব্যতা সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এরকম কিছু হতে পারে বলে আমার মনে হচ্ছেনা। আমি যতবার সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন, ক্ষমতা দখলের কোনো ইচ্ছা তাদের নেই।" মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর উল্লেখ করে মরিয়ার্টি বলেন, "একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোর হাতে আরও তিন দিন সময় রয়েছে।" "দেখুন, আমি মনে করি সব প্রধান দল অংশ নেবে। এটা আমি স্পষ্ট করেই বলতে চাই।" মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বড় দলগুলোর মধ্যে এক বা একাধিক দল যদি নিজেদের সমস্যা দেখিয়ে নির্বাচন বয়কট করে তাহলে প্রথমে আমরা দেখবো এর কারণগুলো কী। এরপর যদি দেখি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে তাহলে আমাদের কিছু বলার থাকবে না।" মরিয়ার্টি বলেন, "এজন্যই আমরা আমাদের পর্যবেক্ষকদের সংখ্যা বাড়িয়েছি যাতে ভালো ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করা যায়।" রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় না কেউ নির্বাচন বয়কট করুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএইচবি/এসকে/২৩৫৬ঘ.