ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আওয়ামী লীগ এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
ঢাকা-৮ আসনে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান মেনন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ দলের সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সবাই মনোনয়নপত্র জমা দেব এবং তা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে কে কোন আসনে প্রার্থী হবে তা নিশ্চিত করা হবে।"
১৪ দলের এক সূত্র জানায়, শরিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও গণতন্ত্রী পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই তিন দলের নেতারা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে তাদের আসন সংখ্যা নির্ধারণ করবেন। অন্য দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে তারা নিজেরাই জানিয়েছে।
এখন পর্যন্ত ওয়ার্কার্স পার্টি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। এর একটি ঢাকা-৮ (রাশেদ খান মেনন) এবং অন্যটি রাজশাহী- ২ (ফজলে হোসেন বাদশাহ)।
এদিকে বুধবারই সুধা সদনের বাইরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ দলের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। মহাজোট হলে তাতেও কোনো সমস্যা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/১৭৫৫ঘ.
bdnews24