খুলনা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে ডিসেম্বরেই নির্বাচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে।
মেইকে বলেন, "বাংলাদেশের গণতন্ত্রের জন্য গত দুই বছরে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে ডিসেম্বরেই নির্বাচন হওয়া প্রয়োজন। আর এর মাধ্যমে সঠিক প্রতিনিধি নির্বাচিত করার কাজটি জনগণকেই করতে হবে। জনগণ যদি সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করেন তাহলে এসব সুযোগ বাস্তবায়ন করা সম্ভব।"
বুধবার বিকেল সাড়ে তিনটায় খুলনার হোটেল রয়েলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে আশা প্রকাশ করেন মেইকে। আগামী সরকারকে বর্তমান সরকারের সংস্কার কাজ এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের রাজনীতি বা অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী কূটনীতিকদের হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, "আমি এখানে জার্মান সরকারের প্রতিনিধিত্ব করছি। আমি নিশ্চিত করে বলতে পারি যে, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও হস্তক্ষেপ করি না।"
তিনি বলেন, "বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে জার্মান সরকারকে অবহিত রাখা রাষ্ট্রদূতের দায়িত্ব। এর অংশ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বা নেতাদের বাসায় গিয়ে আমাদের বৈঠক করতে হয়। দায়িত্বের অংশ হিসেবেই আমরা এটা করি। হস্তক্ষেপের জন্য নয়।"
জার্মানিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার উল্লেখ করে রাষ্ট্রদুত বলেন, "বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়াতে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন জরুরি। এজন্য সময়মতো নির্বাচন হওয়া দরকার।"
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশকে সহযোগী রাষ্ট্্র আখ্যা দিয়ে মেইকে বলেন, "২০২০ সাল নাগাদ বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। এ লক্ষ্য অর্জনে জার্মান সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।"
তিনি জানান, বাংলাদেশের স্কুলগুলোতে বিদেশী ভাষা হিসেবে জার্মান ভাষা বিষয়ক কোর্স চালু করা যায় কিনা তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জার্মান সরকারের আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনের আগে রাষ্ট্রদূত খুলনার খালিশপুরে জুবিলি জুট মিলে এইচআইভি-এইডস বিষয়ক সচেতনতামূলক এক উন্মুক্ত নাটক উপভোগ করেন।
ইউনাইটেড থিয়েটার ফর সোস্যাল অ্যাকশন ও জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) এ নাটকের আয়োজন করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জিটিজেডের আবাসিক প্রতিনিধি ফিটার পালেশ, মহিলা অধিকার বিভাগের প্রধান এমেটি আঙ্ক, জার্মান দূতাবাসের পক্ষে মুস্তফা আহমেদ মোরশেদ, কেএফডব্লিউর এনার্জি বিভাগের প্রকৌশলী তাজমিলুর রহমান।
এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে এইডস সচেতনামূলক এক অনুষ্ঠানে যোগ দেন তারা।
দুপুরে রাষ্ট্রদূূূতের সঙ্গে এক ভোজসভায় যোগ দেন খুলনা সিটি কর্পোরেশনের সিইও তপন কুমার ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএ/টিএইচ/এসকে/১৮৩৫ঘ.
bdnews24