ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি প্রতিনিধি দল সোমবার যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে বৈঠক করেছে।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাবেক সদস্য ও এনডিআই এর বোর্ড সদস্য স্যাম জেডেনসনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন এনডিআই এর এশিয়া অঞ্চলের পরিচালক পিটার ম্যানিকাস, কলম্বিয়ার পার্লামেন্ট সদস্য সমুরা টিউলং এবং বাংলাদেশে এনডিআই এর আবাসিক পরিচালক জ্যাকুলিন করসোরান।
গণপূর্ত মন্ত্রণালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ও প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
পরে গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাখখারুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল উপদেষ্টাকে আশ্বাস দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনের পরিবেশ সম্পর্কে নিরপেক্ষ প্রতিবেদন দেবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানেও এনডিআই বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে।
"উপদেষ্টা গোলাম কাদের প্রতিনিধি দলকে বলেছেন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১১৪০ ঘ.
bdnews24