২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আইনজীবীদের

রেওয়াজ থাকলেও নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে হাইকোর্টের নতুন বিচারপতিদের সংবর্ধনা দেয়নি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেওয়াজ থাকলেও নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে হাইকোর্টের নতুন বিচারপতিদের সংবর্ধনা দেয়নি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ রোববার সাংবাদিকদের বলেছেন, "আইনজীবীরা অভিযোগ করেছেন, নতুন বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি হয়েছে। এ কারণে নবনিযুক্ত বিচারপতিদের সম্বর্ধনা জানানোর রেওয়াজ থাকলেও আজ (রোববার) শপথগ্রহণকারীদের সম্বর্ধনা জানায়নি সমিতি।" প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত সাত অতিরিক্ত বিচারপতির মধ্যে ছয়জনকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ নেওয়া ছয় বিচারপতি হলেন- মো. দেলোয়ার হোসেন, সাইয়েদা আফছার জাহান, আবদুল হাকিম, বোরহানউদ্দিন, মো. আবদুস সামাদ ও আজিজুল হক। নিয়োগ পাওয়া আরেক বিচারপতি কামাল উল আলম শপথ নেননি। গত ১২ নভেম্বর তিনি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে বিচারপতি হিসেবে দায়িত্ব পালনে অপরাগতার প্রকাশ করে প্রধান বিচারপতিকে লিখিতভাবে জানিয়ে দেন। রোববার শপথের পর অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের সম্বর্ধনা দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "এই বিচারপতিদের সুপ্রিম জুডিশিয়াল কমিশন থেকে পাঠানো তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। আইন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।" নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগের ব্যাপারে আইনজীবীদের উদ্ধৃত করে তিনি বলেন, "বিচারপতি মো. দেলোয়ার হোসেন, সাইয়েদা আফছার জাহান ও বোরহানউদ্দিন আইন উপদেষ্টার জুনিয়র হিসেবে কাজ করেছেন। তাদের নিয়োগ দেওয়ায় বিচারপতি নিয়োগের স্বচ্ছতা আর থাকছে না।" ব্যারিস্টার শফিক বলেন, "জেলা জজ কোটায় নিয়োগপ্রাপ্ত একজন বিচারপতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিচারপতিকে শপথ না দেওয়ার জন্য সকালে প্রধান বিচারপতিকে অনুরোধও জানানো হয়।" গত ১২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে সাত অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জেকে/জিএনএ/১৭৩৪ ঘ.